সুপ্রিম কোর্টের বিচারকদের ক্ষমতায় আবারও হস্তক্ষেপ ট্রাম্পের!
ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবারও বিচারকদের ক্ষমতা সীমিত করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার লক্ষ্য, ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থার নেওয়া সিদ্ধান্ত বা জারি করা বিধিমালার কার্যকারিতা স্থগিত কিংবা বাতিল করার ক্ষেত্রে বিচারকদের দীর্ঘদিনের ক্ষমতা খর্ব করা। এ উদ্যোগ সফল হলে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে আদালতে আইনি চ্যালেঞ্জ জানানো কঠিন হয়ে পড়তে পারে। একই সঙ্গে আদালত কোনো সরকারি বিধিমালাকে বেআইনি ঘোষণা করলেও মামলা চলাকালে সেটি ব্যাপকভাবে কার্যকর রাখার সুযোগ পাবে সরকার।
গত বছর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সরকারি সিদ্ধান্ত কার্যকর করা বন্ধে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করেছিলেন। ওই রায়ের ফলে প্রেসিডেন্টের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। তবে বিচারকদের হাতে থাকা আরেকটি ক্ষমতা তখন অক্ষত ছিল। সেই ক্ষমতা ব্যবহার করে তারা প্রেসিডেন্টের বিভিন্ন নীতি ও সরকারি সংস্থার সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দিতে পারতেন।
এবার সেই ক্ষমতাও সীমিত করার চেষ্টা করছেন ট্রাম্প। তার বিচার বিভাগ সুপ্রিম কোর্টে একটি আপিল করেছে। এতে ফেডারেল সরকারের শক্তিশালী বিভিন্ন সংস্থার নেওয়া সিদ্ধান্ত বা জারি করা বিধিমালা স্থগিত করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা খর্ব করার আহ্বান জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের যুক্তি, আদালত কোনো সরকারি সংস্থার জারি করা বিধিমালা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবেন না। বরং কোনো মামলায় আদালত যে প্রতিকার দেবেন, তা কেবল ওই মামলার বাদী বা আবেদনকারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাই বলেন, এ মামলায় ট্রাম্প প্রশাসন জয়ী হলে সরকার কোনো বিধিমালা কার্যকর রাখতে পারবে—শুধু সংশ্লিষ্ট মামলার বাদীদের ক্ষেত্রে সেটি প্রয়োগ করা যাবে না। ফলে আদালত কোনো বিধিমালাকে বেআইনি ঘোষণা করলেও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বছরের পর বছর সেটি অন্যদের ওপর কার্যকর থাকতে পারে।
বামজাইয়ের ভাষায়, এ ধরনের রায় নির্বাহী বিভাগকে আরও বেশি স্বাধীনতা দেবে। তবে সেই স্বাধীনতাকে কেউ ইতিবাচক না নেতিবাচক হিসেবে দেখবেন, তা অনেকটাই নির্ভর করবে সংশ্লিষ্ট প্রশাসনের নীতির প্রতি তার সমর্থন বা বিরোধিতার ওপর।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বিভিন্ন নীতির বাস্তবায়নে বাধা দেওয়া বিচারকদের সমালোচনা করে আসছেন। তাদের কেউ কেউ বিচারকদের উগ্রপন্থী বা দুর্নীতিগ্রস্ত বলেও আখ্যা দিয়েছেন। একই সময়ে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার সীমা নিয়েও বারবার পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন।
প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুনে সুপ্রিম কোর্ট দেশজুড়ে কার্যকর হওয়া নিষেধাজ্ঞার (ইউনিভার্সাল ইনজাংশন) ওপর বিধিনিষেধ আরোপ করেন। এ ধরনের আদেশের মাধ্যমে কোনো বিচারক সরকারের একটি নীতি শুধু মামলাকারীদের ক্ষেত্রে নয়, বরং সবার জন্য কার্যকর করা বন্ধ রাখতে পারতেন। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে করা মামলায় বিচারকেরা ক্রমেই এ ধরনের আদেশ বেশি ব্যবহার করছিলেন। এসব মামলার কয়েকটিতে যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘনের অভিযোগও ছিল।
ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগের সূত্রপাত টেক্সাসের কয়েকজন চিকিৎসাসেবা প্রদানকারীর করা একটি মামলা থেকে। দেশটিতে চিকিৎসাসেবা নেওয়ার পর রোগীদের অপ্রত্যাশিত বিলের বোঝা কমাতে ট্রাম্প তার প্রথম মেয়াদে যে আইন করেছিলেন, সেই আইনের অধীনে জারি করা ফেডারেল বিধিমালাকে চ্যালেঞ্জ করেছেন তারা।
এই আপিলের মাধ্যমে নির্বাহী বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়নে বিচার বিভাগের বাধা দেওয়ার ক্ষমতা কমাতে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টার আরেকটি দিক সামনে এসেছে। আগামী বছরের শুরুর দিকে সুপ্রিম কোর্ট মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
ট্রাম্প প্রশাসন যেসব মামলার মাধ্যমে বিচারকদের ক্ষমতা সীমিত করতে চাইছে, সেগুলোর বেশির ভাগই ১৯৪৬ সালে প্রণীত যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কার্যপ্রণালি আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্টের (এপিএ) আওতায় করা হয়। ফেডারেল সরকারি সংস্থাগুলো কীভাবে পরিচালিত হবে এবং কীভাবে বিধিমালা বাস্তবায়ন করা হবে, তা এই আইনে নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিচারক ও আপিল আদালতগুলো এই আইনের আওতায় কোনো সরকারি সংস্থার বিধিমালাকে বেআইনি ঘোষণা করে তা বাতিল বা অকার্যকর করার ক্ষমতা প্রয়োগ করে আসছেন। ট্রাম্প প্রশাসন এবার সেই ক্ষমতার পরিসরও সীমিত করতে চায়।
সূত্র: রয়টার্স
বিভি/আরটিএস/পিএইচ













মন্তব্য করুন: