• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ছয়টি ড্রোন দিয়ে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

প্রকাশিত: ১২:৩৬, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ছয়টি ড্রোন দিয়ে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

ছবি: আল জাজিরা

বাহরাইনের একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রবিবার দেওয়া এক বিবৃতিতে এ দাবি করে বাহিনীটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

আইআরজিসির দাবি, বাহরাইনের রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে তাদের অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের জবাবে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে গত কয়েক ঘণ্টায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে একাধিক সতর্কবার্তা দিয়েছে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং সরকারি সূত্রের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। তবে কী ধরনের হুমকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।

বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। ওই জলপথ দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের কথিত ব্যর্থতার বিষয়টিও উল্লেখ করেছে তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী।

তবে নতুন এই হামলার দাবি নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলায় রাডার স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ১৩ নভেম্বর বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলার দাবি করেছিল আইআরজিসি। তবে সে দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বাহরাইনের দিকে যাওয়া দুটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। সূত্র: আল জাজিরা

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত