সৌদিতে হুথিদের ৩ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি
সৌদি আরবের পূর্বাঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পাঠানো আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জোটের দাবি, গত তিন ঘণ্টায় সৌদি আরবের পূর্বাঞ্চলে হুথিদের পাঠানো তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে। একই সময়ে রাজধানী রিয়াদের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা দাবির মধ্যে সৌদি সামরিক বাহিনীর একটি সশস্ত্র গোয়েন্দা নজরদারি বিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের আল-জাওফ প্রদেশের আকাশসীমায় বিমানটি ভূপাতিত করা হয়েছে। চলমান উত্তেজনা শুরুর পর থেকে এটি তাদের ভূপাতিত করা পঞ্চম বিমান বলে দাবি করেন তিনি।
তবে হুথিদের এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানো হলেও এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলা ও সংঘাত আরও বেড়েছে। সূত্র: আল জাজিরা
বিভি/এজেড













মন্তব্য করুন: