• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জর্ডানে গির্জায় প্রাণঘাতী হামলা, ৩ জনের ফাঁসির রায়

প্রকাশিত: ১৬:৪২, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫৫, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জর্ডানে গির্জায় প্রাণঘাতী হামলা, ৩ জনের ফাঁসির রায়

ছবি: আলজাজিরা

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী হামলার ঘটনায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন দেশটির আদালত। গত মাসে ওই হামলায় নয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছিলেন।

গত ২৩ অক্টোবর কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলাকালে সশস্ত্র হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, হামলার পর দুই সহোদর ভাই ও তাদের এক আত্মীয়সহ তিন হামলাকারী পালিয়ে যান। ঘটনার তিন দিন পর তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে জর্ডানের সামরিক বাহিনী জানায়, গির্জায় সন্ত্রাসী হামলা চালানোর দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত। ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত তিনজনকে প্রাণহানির উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের দায়ে দোষী সাব্যস্ত করেছেন।

এ ছাড়া হামলাকারীদের একজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের উদ্দেশ্যে অর্থ সরবরাহের অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

গত অক্টোবরের শেষ দিকে সেন্ট জর্জ গ্রিক অর্থোডক্স গির্জায় হামলার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করে জর্ডানের নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর গ্রেফতার করা হয়।

কারাক গভর্নরেটে জর্ডানের খ্রিষ্টান সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষের বসবাস। দেশটির ১ কোটি ১৫ লাখ জনসংখ্যার মধ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য প্রায় ৩ লাখ।

হামলার পর জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ‘সর্বোচ্চ কঠোর শাস্তি’ নিশ্চিত করার ঘোষণা দেন। একই সঙ্গে এ ধরনের হামলা মোকাবিলায় দেশের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রক্রিয়া পর্যালোচনার নির্দেশ দেন।

সূত্র: আলজাজিরা

বিভি/আলজাজিরা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত