• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

মেয়ের তোলা এক ছবিতেই লণ্ডভণ্ড এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের ক্যারিয়ার!

প্রকাশিত: ১৬:৫১, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:০২, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেয়ের তোলা এক ছবিতেই লণ্ডভণ্ড এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের ক্যারিয়ার!

মেয়ের তোলা একটি ছবিই যেন লণ্ডভণ্ড করে দিয়েছে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন। তাইওয়ানের রাজধানী তাইপের একটি অভিজাত রেস্তোরাঁয় নিজের মেয়ের সামনেই চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে থাকা এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা যায় তাকে। ওই ঘটনার ছবি প্রকাশ্যে আসার পর তার ব্যক্তিগত জীবন ও এনভিডিয়াকে ঘিরে নানা বিতর্ক সামনে এসেছে। এর মধ্যেই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন হুয়াং। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘিরে এনভিডিয়ার বাজারমূল্যেও বড় ধাক্কা লেগেছে।

দ্য নিউইয়র্ক পোস্ট-এ প্রকাশিত ছবিগুলোতে ৬৩ বছর বয়সী এই ধনকুবেরকে ৪৯ বছর বয়সী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের সাবেক জ্যেষ্ঠ নির্বাহী। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, তিনি চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন।

দ্য নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুনে তাইপেতে তোলা একগুচ্ছ ছবিতে জেনসেন হুয়াংকে অ্যালিসকে জড়িয়ে ধরতে দেখা যায়। ২০২৩ সালের ডিসেম্বর থেকে তাদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা শুরু হয়। ২০২৪ সালে তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এরপর ২০২৫ সালের মে মাসে হুয়াংয়ের তাইওয়ান সফরের সময় আরও একটি ঘটনা ঘটে। তাইওয়ানের সংবাদমাধ্যম টিভিবিএস ও চীনা সংবাদমাধ্যম নেটইজের প্রতিবেদনে বলা হয়, তাইপের অভিজাত রেস্তোরাঁ সানলিউ শিফুতে ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। নৈশভোজে জেনসেন ও অ্যালিস পাশাপাশি বসেছিলেন। তাদের কোমরে একে অপরের হাত রাখা ছিল। একই টেবিলে ছিলেন হুয়াংয়ের ৩৫ বছর বয়সী মেয়ে ম্যাডিসন হুয়াং এবং তার তৎকালীন বাগ্‌দত্তা নিকো ক্যাপ্রেজ।

তাইওয়ানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, বিষয়টি গোপন করার চেষ্টা করেননি অ্যালিস। তিনি জেনসেনের গালে চুমু খেতে এগিয়ে যান। এ সময় ম্যাডিসন তার বাগ্‌দত্তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে দুজনের ছবি তোলেন। নৈশভোজ শেষে জেনসেন ও ওই সন্দেহভাজন নারী একই গাড়িতে করে সেখান থেকে চলে যান।

ম্যাডিসন হুয়াং তার বাবার সঙ্গে ৪৯ বছর বয়সী ওই ব্যবসায়ীর সম্পর্কের প্রকৃত ধরন জানতেন কি না, তা স্পষ্ট নয়। তিনি এনভিডিয়ার রোবোটিকস বিভাগের পণ্য বিপণনবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক। তার স্বামী নিকো ক্যাপ্রেজ সুইজারল্যান্ডের সাবেক আল্পাইন স্কি রেসার। তিনিও এনভিডিয়ায় বৈশ্বিক এআই অবকাঠামো সম্প্রসারণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। জেনসেনের ৩৬ বছর বয়সী ছেলে স্পেন্সার হুয়াংও প্রতিষ্ঠানটিতে কর্মরত।

নেটইজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ ঘটনা প্রকাশ্যে আসার অন্তত এক বছর আগে থেকেই নিজের পারিবারিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সংকট ব্যবস্থাপনা ও জনসংযোগ প্রতিষ্ঠান হেলারের সহায়তা নিচ্ছিলেন জেনসেন হুয়াং। তার মেয়ে ম্যাডিসনও ওই জনসংযোগ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

তবে গত ৮ নভেম্বর বিষয়টি নতুন মোড় নেয়। ওই দিন এনভিডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক অভ্যন্তরীণ ই-মেইলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন হুয়াং।

ই-মেইলে তিনি লেখেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কর্মকাণ্ডে তিনি ও আমাদের সন্তানেরা কষ্ট পেয়েছেন। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে অনুতপ্ত।’

১৯৮৫ সালে ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে পরিচয়ের পর লরি হুয়াংকে বিয়ে করেন জেনসেন। বর্তমানে লরির বয়স ৬৪ বছর।

একই দিন এনভিডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হবে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিল এনভিডিয়া থেকে সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য সংগ্রহের জন্য।

দ্য নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, কিম্বারলি পাওয়েল নামে এনভিডিয়ার ৪৮ বছর বয়সী স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠানটির আরেক অজ্ঞাতনামা কর্মীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং।

এদিকে, এ ঘটনার প্রভাবে চলতি সপ্তাহে এনভিডিয়ার বাজারমূল্য থেকে প্রায় ২০০ বিলিয়ন ডলার কমে গেছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের দায়বদ্ধতাসংক্রান্ত বীমা (ডিঅ্যান্ডও) ব্যবস্থার একটি বড় দুর্বলতাও সামনে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বীমার ওই সীমাবদ্ধতার কারণে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটি সরাসরি আইনি ঝুঁকিতে পড়েছে। ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যে এনভিডিয়া ও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে একটি শ্রেণি-অ্যাকশন মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ঝুঁকির তথ্য প্রকাশ না করে তারা মার্কিন আইন লঙ্ঘন করেছেন।

সূত্র: এনডিটিভি

বিভি/এনডিটিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত