• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কেন মক্কা প্যাক্ট এড়িয়ে তুরস্কের সাথে সামরিক চুক্তি সই করলো কাতার

প্রকাশিত: ১৫:৪৫, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কেন মক্কা প্যাক্ট এড়িয়ে তুরস্কের সাথে সামরিক চুক্তি সই করলো কাতার

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে রচিত হচ্ছে একের পর এক নিরাপত্তা বলয়। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির রেশ কাটতে না কাটতেই, এবার কাতারের সঙ্গেও শক্তিশালী পারস্পরিক প্রতিরক্ষা বন্ধনে আবদ্ধ হলো তুরস্ক। 

শনিবার (১৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই চুক্তি সাক্ষরের খবর জানানো হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের উচ্চ কৌশলগত কমিটির দ্বাদশ বৈঠকে এই চুক্তি সই হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বৈঠকে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর বাইরের কোনো পক্ষ সশস্ত্র হামলা চালালে ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করবে দেশ দুটি। পাশাপাশি যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সামরিক সদস্যদের প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করা হবে।

এরদোয়ানের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যাতে নতুন করে যুদ্ধ শুরু না হয়, সে লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনীতির মাধ্যমে বিরোধ মীমাংসায় রাজি করানোর উদ্যোগও অব্যাহত রাখবে তারা। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, নতুন চুক্তির লক্ষ্য হলো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং সশস্ত্র হামলার মোকাবিলায় অভিন্ন অবস্থান নিশ্চিত করা। 

গত আগস্টে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ‘মক্কা প্যাক্ট’। ন্যাটোর আর্টিকেল-৫ এর আদলে তৈরি এই চুক্তি অনুযায়ি, কোনো এক দেশের ওপর হামলা হলে সেটি সবার ওপর হামলা হিসেবে গণ্য হয়। ইয়েমেনের হুতিদের হামলার প্রেক্ষিতে সৌদি আরব ইতোমধ্যে এই চুক্তি সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে।

বিশ্লেষকদের মতে, কাতার মক্কা প্যাক্টে যোগ দিলে সৌদি আরবের আঞ্চলিক সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়ার বাধ্যবাধকতা তৈরি হতো, যা দোহার নিরপেক্ষ ও মধ্যস্থতাকারী পররাষ্ট্রনীতির পরিপন্থী। ফলে সৌদি আরব-কেন্দ্রিক কোনো নিরাপত্তা কাঠামোর অধীনে না গিয়ে কাতার সরাসরি তুরস্কের সাথে নিজেদের মতো শর্তে নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করতে চাইছে। 

সংবাদমাধ্যম আল হুররার এক প্রতিবেদনে সামরিক বিশ্লেষক ফালাহ আল-আবাদি বলেন, এই চুক্তির মূলে রয়েছে "অর্থের বিনিময়ে সুরক্ষা" নীতি। তার মতে, তুরস্ক তার নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে আরও বড় করতে এবং কাতারের বিপুল আর্থিক পুঁজি ব্যবহার করে সেই শিল্পের প্রসার ঘটাতে আগ্রহী—যার বিনিময়ে দোহা আঙ্কারার কাছ থেকে নিরাপত্তা ও সুরক্ষা পাচ্ছে।

তবে অনেক বিশ্লেষক চুক্তির অস্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্য নিউ আরবের এক বিশ্লেষণে বলা হয়, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার ‘মক্কা চুক্তিতে’ এক দেশের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করার স্পষ্ট ধারা থাকলেও, কাতার-তুরস্ক চুক্তির যৌথ বিবৃতিতে কেবল "ঐক্যবদ্ধ অবস্থান" ও পরামর্শের কথা বলা হয়েছে। চুক্তির মূল শর্তাবলি এখনো জনসমক্ষে প্রকাশ না করায়, এক দেশ আক্রান্ত অন্য দেশ সরাসরি যুদ্ধে জড়াতে বাধ্য কি না তা স্পষ্ট নয়। 

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত