গাজায় ইসরাইলের বিমান হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি
ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে হামাসের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল। নিহত সামির আবু ইউনিস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পরিকল্পনা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। তবে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (১৪ নভেম্বর) দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, নিহত সামির আবু ইউনিস সম্প্রতি রাফাহ ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
হামাসের স্থানীয় একজন কর্মকর্তাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইউনিসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলায় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে দাবি করেছে তারা।
গাজার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-মাওয়াসির আল-ওয়াহা শরণার্থী শিবিরের একটি তাঁবুতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই তাঁবুতে বাস্তুচ্যুত শত শত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার পর সেখানে আগুন ধরে যায়।
দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের এক চিকিৎসা সূত্র জানিয়েছে, হামলার পর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া একজনের মরদেহও সেখানে আনা হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং দেশটির নিরাপত্তা সংস্থা (আইএসএ) টেলিগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইউনিসকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে তাকে হামাসের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন হিসেবে উল্লেখ করে বলা হয়, রাফাহ ব্রিগেড ও হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিলেন তিনি। একই সঙ্গে তার বিরুদ্ধে ইসরাইলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলা চালানোর জন্য ব্রিগেডের সদস্যদের নির্দেশ দেওয়ার অভিযোগ করেছে ইসরাইল।
অন্যদিকে আল-কাসাম ব্রিগেড টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ইউনিস একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন এবং ইসরাইলি বাহিনীর স্থল অভিযান প্রতিহত করেছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ও পরিচালনায় যুক্ত গুরুত্বপূর্ণ কমান্ডারদের একজন ছিলেন তিনি। তার হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে হামাসের সামরিক শাখা।
৫৩ বছর বয়সী সামির আবু ইউনিস গত ১৫ সেপ্টেম্বর রাফাহ ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ব্রিগেডটির কমান্ডার নায়েল আবু ওবেইদ নিহত হলে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
১৯৯১ সালে হামাসের সশস্ত্র শাখায় যোগ দেন ইউনিস। পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পরিচালনাগত দায়িত্ব পালন করেন তিনি। হামাস জানিয়েছে, রবিবার বিকেলে খান ইউনিসে তার জানাজা অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বে চালানো হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওই হামলার পরই গাজায় সর্বশেষ যুদ্ধ শুরু হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে ইসরাইলি হামলায় ফিলিস্তিনের এই ভূখণ্ডে ৭৪ হাজার ৬৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় মাঝেমধ্যে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দেশটির দাবি, এসব হামলার লক্ষ্য হামাসের অবশিষ্ট যোদ্ধারা। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী এমন হামলা চালানোর অধিকার তাদের রয়েছে বলেও দাবি করছে ইসরাইল।
সূত্র: বিবিসি
বিভি/বিবিসি/পিএইচ













মন্তব্য করুন: