• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট

প্রকাশিত: ১০:১৬, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:১৭, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট বলেছেন, নেতানিয়াহু ‘আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’।  

সোমবার (১৬ নভেম্বর) এএফপির বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইজেনকট রোববার তার প্রতিদ্বন্দ্বীর ওপর এই আক্রমণ করেন। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে দুই নেতার প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরায়েলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছে।’

এর আগে রোববার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের প্রাক্কালে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ দায়ের করেছিলেন। নর্ডেন পুলিশ কর্মকর্তাদের একজন কথিত গোয়েন্দা সূত্রের কাছে পাঠিয়েছিলেন, যিনি নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক কর্মী ছিলেন।

চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় চৌদ্দ জন পুলিশ কর্মকর্তা পরোয়ানা ছাড়াই রাম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান এবং ভোট দেওয়ার জন্য ঘুষ প্রদানের সন্দেহে তাদের গ্রেপ্তার করেন। এরপর নেতানিয়াহু নির্বাচনের দিনজুড়ে আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান এবং তারা রেকর্ড উনিশটি আসনে জয়ী হওয়ার পর নির্বাচনী জালিয়াতির অপ্রমাণিত অভিযোগ তোলেন। তবে কথিত গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন প্রমাণিত হওয়ার পর পুলিশ ওই তিন ব্যক্তিকে মুক্তি দেয়।

শনিবার নেতানিয়াহু ঐক্যের সরকার গঠনের জন্য আইজেনকটের প্রতি পুনরায় আহ্বান জানালেও বিরোধী নেতা সেই আহ্বানকে ‘ধোঁকাবাজি’ বলে আখ্যা দেন। তবে আইজেনকট যৌথ সরকারের প্রস্তাব নিয়ে তার ইয়াশার পার্টি এবং লিকুদ পার্টির মধ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, নেতানিয়াহু বা আইজেনকট—কারও জোটই এখনো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একষট্টিটি আসন নিশ্চিত করতে পারেনি।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত