• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মিনাবের স্কুলে ১৬৮ শিশুহত্যার অভিযোগ

‘আমরা তোমাদের খুঁজে বের করবো’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত: ১৭:০৯, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৯, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘আমরা তোমাদের খুঁজে বের করবো’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুঁশিয়ারি

মিনাবের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ১৬৮ শিশুকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই কর্মকর্তাকে খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ‘আমরা তোমাদের খুঁজে বের করবো’— সামাজিকমাধ্যম এক্স-এ এমনই চাঞ্চল্যকর এক হুমকির বার্তা দিয়েছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস। আট মাস আগের একটি পোস্ট নতুন করে সামনে এনে এবার সরাসরি ওই দুই মার্কিন কর্মকর্তাকে নিশানা করেছে তেহরান। আগের ঐ পোস্টে তাদের অপরাধী আখ্যা দিয়ে শিশু হত্যার জন্য দায়ী করা হয়েছিল। 

যে দুই কর্মকর্তাকে লক্ষ্য করে এই হুমকি দেওয়া হয়েছে, তারা হলেন ইউএসএস স্প্রুয়েন্স যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক। গত ২৯ মার্চ এক্স-এ তাদের ছবি প্রকাশ করে ইরানি দূতাবাস লিখেছিল, ‘এই দুই অপরাধীর কথা মনে রাখুন।’ পোস্টে দাবি করা হয়, এই দুই কর্মকর্তা তিন দফায় টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। এতে মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলের ১৬৮ নিরপরাধ শিশুর মৃত্যু হয়। ১৩ নভেম্বর সেই পোস্ট উদ্ধৃত করেই দূতাবাস লেখে, ‘আমরা তোমাদের খুঁজে বের করবো।’
 
হামলার ঘটনাটি ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর প্রথম দিন। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের ওই বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ব্যাপক প্রাণহানি ঘটে। ইরানের হিসাবে নিহতের সংখ্যা ১৬৮ শিশু। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে ১৫৬ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে, যার মধ্যে ১২০ জন শিশু। রয়টার্সও ৬ মার্চ জানায়, মার্কিন সামরিক তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, হামলার জন্য মার্কিন বাহিনীই দায়ী হতে পারে। 
 
পরবর্তী সময়ে রয়টার্সের অনুসন্ধানে উঠে আসে, লক্ষ্যবস্তু নির্ধারণে পুরোনো গোয়েন্দা তথ্য ব্যবহারের কারণে স্কুলটিকে সামরিক স্থাপনার অংশ হিসেবে ভুলে শনাক্ত করা হয়ে থাকতে পারে। স্কুলটির কাছেই ছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসির একটি নৌঘাঁটি। ফলে সামরিক স্থাপনাকে লক্ষ্য করতে গিয়ে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঝুঁকি তৈরি হয়েছিল।
 
ঘটনাটির গুরুত্ব আরও বেড়েছে জাতিসংঘের তদন্তের পর। সেপ্টেম্বরে প্রকাশিত জাতিসংঘের স্বাধীন অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়, মিনাবের স্কুলে হামলার জন্য যুক্তরাষ্ট্রের বাহিনী দায়ী, এমনটা বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে। স্কুলটি যে বেসামরিক স্থাপনা, তা যাচাই করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেনি বলেও উল্লেখ করা হয়। তদন্তকারীদের মতে, হামলাটি যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ওয়াশিংটন এখনো পেন্টাগনের পূর্ণাঙ্গ তদন্তের ফল প্রকাশ করেনি।
 
নভেম্বরে এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে বিষয়টি নিয়ে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ আবদুল মাজিদ হাকিম ইলাহি। তার অভিযোগ, এতগুলো শিশুর মৃত্যুর পরও যুক্তরাষ্ট্র ক্ষমা চায়নি। এমনকি ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকটি শিশুর মরদেহ আটকে রয়েছে। সন্তানদের কবর পর্যন্ত খুঁজে না পাওয়ায় তাদের মা-বাবার শোক অসহনীয়। 
 
একই সম্মেলনে সাবেক সিআইএ পরিচালক ডেভিড পেট্রাউস বলেন, হামলার চূড়ান্ত সিদ্ধান্ত কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নেয়নি; সিদ্ধান্ত নিয়েছিলেন একজন মানুষ। তবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে তাকে এআই সহায়তা করেছিল। এর মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রে এআইয়ের ব্যবহার এবং মানুষের সিদ্ধান্ত গ্রহণের দায় নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
 
সব মিলিয়ে মিনাবের স্কুলে হামলার বিচার ও দায় নির্ধারণের দাবি এখন নতুন করে সামরিক সংঘাতের উত্তেজনার সঙ্গে জড়িয়ে পড়েছে। বিশেষ করে দুই মার্কিন নৌ কর্মকর্তার নাম-ছবি প্রকাশ করে ইরানের সরাসরি হুমকি পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।

বিভি/এইচজে

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত