নেতানিয়াহুর বাধা টপকে ইসরাইলের পার্লামেন্টে ডেপুটি স্পিকার আরব নেতা তিবি
ইসরাইলের পার্লামেন্ট নেসেটে এবার নতুন রাজনৈতিক সমীকরণ! প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা ও ডানপন্থীদের আপত্তি উপেক্ষা করেই ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব নেতা আহমেদ তিবি। গত মাসের নির্বাচনে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর অভাবনীয় সাফল্যের পর এই পদ অর্জনকে নিজেদের রাজনৈতিক শক্তির বড় স্বীকৃতি হিসেবে দেখছে আরব নেতৃত্বাধীন জোট- জয়েন্ট লিস্ট। তিবির দাবি, তাকে ঠেকাতে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির নানা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন।
১৬ নভেম্বর নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিবি বলেন, এটি জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন। অক্টোবরের নির্বাচনে জোটটি ১১ আসন পেয়েছে। তিনি বলেন, ‘বেপরোয়া উসকানি দিয়েও তারা ব্যর্থ হয়েছে। পার্লামেন্টের সব কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে।’ তিবি নিজে তাআল পার্টির নেতা এবং জয়েন্ট লিস্টের চেয়ারম্যান।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে আরব জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট-রাআম সম্মিলিতভাবে ১৯টি আসন পায়। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে এই ফলাফল তাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিতে পরিণত করেছে। বিশেষ করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে না পারায় আরব দলগুলোর সমর্থন নতুন রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকটকে। নতুন সরকার গঠনের আলোচনায় আরব দলগুলোর ১৯টি আসন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
১৯৯৯ সালে প্রথমবার নেসেটের সদস্য নির্বাচিত হন আহমেদ তিবি। এর আগে ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্তও ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর তার এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত অর্জন নয়, ইসরায়েলের রাজনীতিতে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্ব ও প্রভাব বাড়ার তাৎপর্যপূর্ণ ইঙ্গিত।
বিভি/এইচজে













মন্তব্য করুন: