যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে চীনের আপত্তি কেন?
পারমাণবিক অস্ত্রের ওপর নতুন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিন পারমাণবিক রাষ্ট্রকে একই চুক্তির আওতায় আনতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওয়াশিংটনের এই উদ্যোগে শুরু থেকেই আপত্তি বেইজিংয়ের।
আল-জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, চলতি সপ্তাহে চীনের শেনজেনে অ্যাপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পেতে পারে। তবে তিন দেশের মধ্যে সমঝোতার পথ যে সহজ নয়, বেইজিংয়ের অবস্থানে তা স্পষ্ট।
নিউ স্টার্ট চুক্তির অবসান, নতুন উদ্যোগ ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ বড় চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে গত ফেব্রুয়ারিতে। ২০১০ সালে বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভের স্বাক্ষর করা এই চুক্তি দুই দেশকে সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড এবং ৭০০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান মোতায়েনের সীমা বেঁধে দিয়েছিল। পাশাপাশি পারস্পরিক পরিদর্শন ও তথ্য বিনিময়ের ব্যবস্থাও ছিল।
বিশ্বের অধিকাংশ পারমাণবিক অস্ত্রই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। তাই এই দুই দেশের মধ্যে চুক্তির অবসান নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়িয়েছে। ট্রাম্প চাইছেন, এবার চুক্তির পরিসর বাড়িয়ে চীনকেও এর আওতায় আনতে।
চীন কেন রাজি নয়?
বেইজিংয়ের আপত্তির কেন্দ্রে রয়েছে পারমাণবিক অস্ত্রের সংখ্যাগত অসমতা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের- সিপ্রি’র হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের হাতে পাঁচ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে চীনের ভাণ্ডারে রয়েছে ৬২০টির আশেপাশে। যদিও দ্রুতগতিতে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে দেশটি।
চীনের যুক্তি, পারমাণবিক শক্তিতে সমপর্যায়ে না পৌঁছানো পর্যন্ত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে একই ধরনের অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যুক্ত হওয়ার প্রশ্ন আসে না। বেইজিংয়ের দাবি, তাদের পারমাণবিক নীতি আত্মরক্ষামূলক। দেশটি প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতিতে বিশ্বাসী এবং ন্যূনতম প্রতিরোধক্ষমতা বজায় রাখতে চায়।
তবে বিষয়টি শুধু অস্ত্রের সংখ্যায় সীমাবদ্ধ নয়। চীনের আশঙ্কা, নতুন চুক্তি তাদের তুলনামূলক ছোট পারমাণবিক ভাণ্ডারকে সীমাবদ্ধ করে ফেলবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নজরদারির সুযোগও তৈরি হতে পারে। অতীতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে ওয়াশিংটনের সরে যাওয়ার ঘটনাও বেইজিংয়ের অবিশ্বাস বাড়িয়েছে।
আরেকটি বড় উদ্বেগ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক প্রযুক্তির অগ্রগতি। চীন মনে করে, এসব সক্ষমতার বিপরীতে নিজেদের পাল্টা আঘাত হানার ক্ষমতা ধরে রাখা জরুরি। কোনো চুক্তিতে আবদ্ধ হলে সেই সামরিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সমঝোতার পথ কতটা কঠিন?
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগে নিজেদের বিশাল অস্ত্রভাণ্ডার কমিয়ে না আনলে চীনকে আলোচনায় রাজি করানো কঠিন। তবে সরাসরি অস্ত্র কমানোর বদলে পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখা, তথ্য বিনিময়, সংকটকালীন যোগাযোগ এবং এআই-নির্ভর পারমাণবিক ব্যবস্থায় মানুষের নিয়ন্ত্রণ নিশ্চিত করার মতো বিষয়ে প্রাথমিক সমঝোতা হতে পারে।
কিন্তু ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের বিরোধ এখনো তীব্র। ফলে তিন দেশের মধ্যে আনুষ্ঠানিক পারমাণবিক চুক্তি আপাতত অনেক দূরের বিষয়। ট্রাম্পের উদ্যোগ শেষ পর্যন্ত অস্ত্র নিয়ন্ত্রণের নতুন অধ্যায় খুলবে, নাকি পরাশক্তিগুলোর পারমাণবিক প্রতিযোগিতাই আরও বাড়াবে— সেটিই আগামীতে দেখার বিষয়।
বিভি/এইচজে













মন্তব্য করুন: