• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‘এক মিনিটও ক্ষমতায় থাকতে পারবেন না’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি আইজেনকটের

প্রকাশিত: ১৮:১৯, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২০, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘এক মিনিটও ক্ষমতায় থাকতে পারবেন না’, নেতানিয়াহুকে হুঁশিয়ারি আইজেনকটের

ইসরাইলের রাজনীতিতে নতুন করে বিস্ফোরণ। নির্বাচনে হস্তক্ষেপ এবং আরব রাজনৈতিক কর্মীদের ফাঁসানোর ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জড়িত— এমন অভিযোগ সামনে আসতেই তাকে ক্ষমতা থেকে সরানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। ‘বেনিয়ামিন নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’, এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

বিতর্কের সূত্রপাত ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর এক অনুসন্ধানী প্রতিবেদন থেকে। এতে বলা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ আইদো নর্ডেন পুলিশ কমিশনারের দপ্তরে যোগাযোগ করেন। আরবদের দল ইউনাইটেড আরব লিস্ট- রাআম-এর তিন কর্মীর বিরুদ্ধে ভোট কেনাবেচার অভিযোগ তুলে তাদের বাড়িতে পুলিশি অভিযান চালানোর ব্যবস্থা করেন। প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা পরোয়ানা ছাড়াই তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়।

তবে পরবর্তী তদন্তে ভোট কেনাবেচার অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। ফলে প্রশ্ন উঠেছে, নির্বাচনের আগে আরব দলগুলোকে চাপে ফেলতেই কি পরিকল্পিতভাবে এই অভিযোগ সামনে আনা হয়েছিল?

বিতর্ক আরও বাড়িয়েছে শিন বেতের প্রধান ডেভিড জিনির একটি পদক্ষেপ। নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত পাঁচ নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন তিনি। তবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর সেই আবেদন প্রত্যাখ্যান করে।

আইজেনকট দ্রুত এসব ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। তবে নেতানিয়াহুর লিকুদ পার্টি তার বক্তব্যকে ‘আপত্তিকর উসকানি’ বলে অভিহিত করেছে।

নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি। আরব দলগুলোর ১৯টি আসন এখন ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ। ফলে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ শুধু নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নয়, ইসরায়েলে নতুন সরকার গঠনের হিসাবও ওলটপালট করে দিতে পারে।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত