• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ, সমর্থন ১২৮ দেশের

প্রকাশিত: ১৩:১১, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৮, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ, সমর্থন ১২৮ দেশের

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে। ওআইসি (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে আনা এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে ১২৮টি দেশ।

বুধবার (১৮ নভেম্বর) হওয়া ওই ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ, বিপক্ষে ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ছয়টি দেশ হলো—বেলারুশ, চীন, উত্তর কোরিয়া, নিকারাগুয়া, রাশিয়া ও ভিয়েতনাম। বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি প্রস্তাবটিকে স্বাগত জানালেও এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি অবিলম্বে দেশজুড়ে যুদ্ধবিরতি ঘোষণা, বিমান হামলা বন্ধ এবং সামরিক বাহিনীর অভিযানে সহায়তাকারী অস্ত্র ও জেট জ্বালানি সরবরাহ বন্ধের দাবি জানান।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক বিতাড়নের ঘটনার নয় বছর পূর্ণ হচ্ছে এ বছর। অথচ এত দীর্ঘ সময়েও পরিস্থিতির কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তিনি বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এতে দেশের সম্পদ ও সক্ষমতার ওপর ক্রমাগত চাপ বাড়ছে।

বৈঠকে গাম্বিয়ার প্রতিনিধি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক বিচারব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আগামী ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রত্যাশিত রায়ের প্রসঙ্গ তুলে ধরেন।

চলতি বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো এবং অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: