• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প

প্রকাশিত: ১১:৩৪, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প

ইরানের চলমান সংঘাত অবসানে বেইজিং বা মস্কোর হস্তক্ষেপ কিংবা মধ্যস্থতার কোনো প্রয়োজন দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের নৌ, বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে তেহরান নিজেই সমঝোতায় আগ্রহী হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেন শহরে এই মন্তব্য করেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত ত্রিপক্ষীয় বৈঠকের ঠিক আগমুহূর্তে তার এ বক্তব্য সামনে এল।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের কারও সহায়তা প্রয়োজন নেই। আমরা তাদের নৌবাহিনীকে পরাজিত করেছি, বিমানবাহিনীকে পরাজিত করেছি, এমনকি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকেও পরাস্ত করেছি।’

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে দাবি করে ট্রাম্প বলেন, ‘তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এখন আগের মাত্রার প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। তারা চুক্তি করতে চায়। তাই আমার কোনো সহায়তা প্রয়োজন নেই। আমি কারও কাছে সাহায্য চাইতে যাচ্ছি না।’

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি আরও বলেন, চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খুব ভালো আচরণ’ করেছে এবং তারা ‘সমুদ্রে কোনো জাহাজ পাঠায়নি’। তেহরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়। তবে আমি এমন একটি চুক্তি চাই, যা দীর্ঘস্থায়ী হবে।’

শি জিন পিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই সময়ে বৈঠক করাকে কেন সুবিধাজনক মনে করছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ, তারা একসঙ্গে কাজ করেন। তাদের মধ্যে সম্পর্ক রয়েছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই সফরে শি জিনপিংয়ের ব্যক্তিগতভাবে স্বাগত জানানো বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্প নিজেই বিমানবন্দরে শিকে স্বাগত জানিয়েছিলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বলছে, পারস্পরিক সৌজন্যের অংশ হিসেবেই শি এবার ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়েছেন।

অন্যদিকে, শেনজেনে পৌঁছানোর পর পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শি জিনপিং। সেখানে রাশিয়া-চীন সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। পুতিন দুই দেশের সহযোগিতাকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বলে জানিয়েছেন।

 

বিভি/এমএফআর

মন্তব্য করুন: