• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো ঐতিহাসিক জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

প্রকাশিত: ০৯:২৫, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো ঐতিহাসিক জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

১৯৫২ সাল। আটলান্টিক মহাসাগরের বুকে দানবীয় গতিতে ছুটে চলেছে এক রূপকথার জাহাজ—এসএস ইউনাইটেড স্টেটস। টাইটানিকের চেয়েও লম্বা, আর গতিতে এতটাই অপ্রতিরোধ্য যে প্রথম যাত্রাতেই ভেঙে দিয়েছিল শতাব্দীর রেকর্ড। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে মার্লিন মনরো, মার্লোন ব্র্যান্ডোর মতো তারকারা যার ডেক মাতিয়েছেন। অথচ, ইতিহাসের সেই অহংকারের ঠাঁই মিলল সমুদ্রের তলদেশের এক অন্ধকার রাজ্যে।

গত কয়েক দশক ধরে ফিলাডেলফিয়ার ডেলাওয়্যার নদীতে জং ধরে ধুঁকছিল এই ঐতিহাসিক জাহাজটি। অনেকেই চেয়েছিল একে ভাসমান জাদুঘর বা বিলাসবহুল হোটেল বানিয়ে বাঁচিয়ে রাখতে। কিন্তু বাধা হয়ে দাঁড়াল কোটি কোটি ডলারের রক্ষণাবেক্ষণ খরচ ও তলদেশের ক্ষয়। তবে মজার ব্যাপার হলো, জাহাজটিকে লোহালক্কড় হিসেবে গলিয়ে ফেলা হয়নি। ফ্লোরিডা কর্তৃপক্ষ এটিকে নিয়ে গেছে সমুদ্রের অতলে—পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম প্রবাল প্রাচীর বা ‘আর্টিফিশিয়াল রিফ’ তৈরি করতে!

এসএস ইউনাইটেড স্টেটসের প্রথম যাত্রা
জাহাজটি নির্মাণ করা হয় ১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে। এটি বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও বড় ছিল। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি (২৬৯ দশমিক ১ মিটার)। আর এসএস ইউনাইটেড স্টেটস ছিল প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার)। এটি পরিচিত ছিল মূলত এর গতি, মজবুত কাঠামো ও বিলাসবহুল ব্যবস্থার জন্য।

১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জাহাজটি প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করে। এটি ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দেয়। এ সময় এর গড় গতি ছিল ৩৫ দশমিক ৫৯ নটিক্যাল মাইল, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার। অন্য কোনো যাত্রীবাহী জাহাজ এখনো এই রেকর্ড ভাঙতে পারেনি।

কেন ডুবিয়ে দেওয়া হলো জাহাজটি 
জাহাজটি বছরের পর বছর ধরে অচল অবস্থায় ফিলাডেলফিয়ায় নোঙর করা ছিল। এ সময় বিভিন্ন মালিক এটিকে রক্ষা ও সংস্কারের চেষ্টা করেন। তবে জাহাজটির রক্ষণাবেক্ষণের খরচ বাড়তে থাকে। ২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দর কর্তৃপক্ষ জাহাজ নোঙর করে রাখার দৈনিক মাশুল বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার করে। অলাভজনক সংস্থা এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরি এই খরচ আর বহন করতে পারছিল না। ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল, এটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা।

ওকালুসা কাউন্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে জাহাজটি ডুবিয়ে দেওয়া পরিবেশের জন্য নিরাপদ করতে এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত সব মানদণ্ড অনুসরণ করা হয়েছে।

কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির জন্য আর কী কী ডোবানো হয়েছে
যুক্তরাষ্ট্রের বহিঃমহীসোপানে আগে স্থাপন করা ৬০০টির বেশি তেল ও গ্যাস উত্তোলন–কাঠামো মেক্সিকো উপসাগরে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে। ১৯৮৪ সালের ‘রিগস টু রিফস’ নামের মার্কিন কর্মসূচির আওতায় এ কাজ করা হয়।

কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে আরও নানা জিনিস ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাঠের গুঁড়ি দিয়ে তৈরি কুঁড়েঘর, ফ্রিজের মতো গৃহস্থালি সামগ্রী, কেনাকাটার ট্রলি, এমনকি নিউইয়র্ক নগরের অবসরে পাঠানো পাতালরেলের বগিও।

২০২৪ সালে ইংল্যান্ডের সাসেক্স উপকূলের অদূরে একটি বায়ুটারবাইনের গোড়ার চারপাশে বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়। বিশেষভাবে নকশা করা কম কার্বন নিঃসরণকারী কংক্রিটের ৭৫ হাজার ‘রিফ কিউব’ দিয়ে এটি তৈরি। প্রতিটি ঘনকের মাঝখানে একটি ফাঁকা কক্ষ রয়েছে। বাইরের পৃষ্ঠ মৌচাকের মতো। সামুদ্রিক প্রাণীদের এগুলো ব্যবহারে উৎসাহিত করতেই এমন নকশা করা হয়েছে।

গত বছর ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে এসএস ইউনাইটেড স্টেটস জাহাজটি কিনে নেয়। সমুদ্রের নিচে এই বিশাল ধাতব কাঠামো এখন কোটি কোটি সামুদ্রিক মাছ, কচ্ছপ আর প্রবালের নতুন ঠিকানা। ডাইভারদের জন্য এটি এক রূপকথার ডুবুরি রাজ্য। জাহাজটি ডোবানোর আগেই এর ঐতিহাসিক চিমনি আর প্রপেলারগুলো আলাদা করে সংরক্ষণ করা হয়েছে, যা দিয়ে উপকূলে গড়ে তোলা হবে একটি জমকালো জাদুঘর। এই উদ্যোগ সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যশিল্প ও পর্যটনের বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছে ওকালুসা কাউন্টি।

সূত্র: আল-জাজিরা

বিভি/এমএফআর

মন্তব্য করুন: