• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

প্রকাশিত: ০৯:৫৭, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

ফাইল ছবি

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বাংলাদেশ সময় দুপুর ২টায় বিচারকরা রায় পড়া শুরু করবেন। গণহত্যার অভিযোগে করা মামলায় এ নিয়ে তৃতীয়বারের মতো রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক এ আদালত।

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে।

মামলার শুনানির সময় আদালতে দাঁড়িয়ে মিয়ানমারের পক্ষে সাফাই বক্তব্য দেন দেশটির নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী সাবেক প্রধানমন্ত্রী অং সান সু চি। বর্তমানে তিনি মিয়ানমারে কারাবন্দি রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের কারণে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

আদালতে শুনানি ও বিভিন্ন নথিপত্রে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যা, ব্যাপক ধর্ষণ এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বিবরণ উঠে এসেছে।

এই মামলার রায়ের প্রভাব আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন গাজায় গণহত্যা মামলার ওপরও পড়তে পারে। ২০২৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ওই মামলাটি করেছিল।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন: