• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সি-র ভাষণের মাঝেই ঘুমিয়ে গেলেন ট্রাম্প! 

প্রকাশিত: ১৭:১২, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সি-র ভাষণের মাঝেই ঘুমিয়ে গেলেন ট্রাম্প! 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ চলছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা মনোযোগ দিয়ে শুনছেন তার কথা। কিন্তু ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘুমাচ্ছেন। তার মাথা বাঁ দিকে কাত হয়ে আছে। ভাইরাল এই দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে তুমুল সমালোচনা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের এক অধিবেশনে এ ঘটনা ঘটে। সি চিন পিং যখন অবাধ ও মুক্ত বাণিজ্যের গুরুত্ব নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখন সরাসরি সম্প্রচারের ক্যামেরা ঘুরে যায় ট্রাম্পের দিকে। প্রায় ১০ সেকেন্ডের ফুটেজে তাকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যায়। 

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনোযোগ দিয়ে সি চিন পিংয়ের বক্তব্য শুনছিলেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নোট নিচ্ছিলেন। বিপরীতে, ট্রাম্পের চোখ বন্ধ থাকার এই দৃশ্যটি ছিল অপ্রত্যাশিত। 

বিদ্যুৎ বেগে ওই দৃশ্য ছড়িয়ে পড়ে অনলাইনে। এরপরপরই ট্রাম্পের সমালোচকেরা তাকে নিয়ে ব্যাঙ্গ-বিদ্রূপ শুরু করেন। ‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়, ‘বিশ্বমঞ্চে বিব্রতকর পরিস্থিতি’। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দপ্তর থেকেও ভিডিওটি নিয়ে কটাক্ষ করা হয়েছে।

৮০ বছর বয়সী ট্রাম্পের ক্ষেত্রে এমন অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠান ও বৈঠকে তাকে চোখ বন্ধ করে ঝিমাতে দেখা গেছে। অথচ নিজের পূর্বসূরি জো বাইডেনকে প্রায়ই ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করতেন তিনি। বাইডেনের বয়স ও দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও বারবার প্রশ্ন তুলতেন ট্রাম্প।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত