অবরোধ ভাঙতে মরিয়া ইরান, সামরিক শক্তি প্রয়োগের হুঙ্কার
মার্কিন নৌ অবরোধে বিপাকে পড়েছে ইরানের তেল রপ্তানি। ফলে এবারে ওই অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের হুঙ্কার দিয়েছে তেহরান। তারা বলছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সরাসরি সামরিক আগ্রাসনের শামিল। তাই আত্মরক্ষার প্রশ্নে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে ইরানের।
সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কোনোভাবেই মেনে নেবে না তেহরান। জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বলপ্রয়োগ নিষিদ্ধ। ৫১ নম্বর অনুচ্ছেদে আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধের ফলে অর্থনৈতিক ক্ষতির কথা প্রকাশ্যেই বলছেন ইরানি কর্মকর্তারা। দেশটির আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি হরমুজ প্রণালি ও দক্ষিণাঞ্চলীয় বন্দরনির্ভর। কিন্তু মার্কিন অবরোধের কারণে বড় আকারে সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে ইরানের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির দৃশ্যমান অপরিশোধিত তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমেছে বলে জানিয়েছে রয়টার্স।
এই পরিস্থিতিতে অবরোধ মোকাবিলায় কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক বিকল্পও বিবেচনা করছে তেহরান। এ নিয়ে হুঁশিয়ারি জানিয়ে বাঘাই বলেন, ইরানের আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টি আলোচনায় রয়েছে। তেহরানের এমন কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিভি/এইচজে













মন্তব্য করুন: