• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গরুর মাংস নিষিদ্ধের পথে হাঁটছে কি পশ্চিমবঙ্গ? 

প্রকাশিত: ১৪:১৪, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গরুর মাংস নিষিদ্ধের পথে হাঁটছে কি পশ্চিমবঙ্গ? 

গরু জবাই বন্ধে নতুন আইন আনতে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন চাঞ্চল্যকর ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাহলে কি পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হতে যাচ্ছে? 

সোমবার (২৩ নভেম্বর) কলকাতার সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে গরু জবাই করতে দেওয়া হবে না। এ বিষয়ে বিদ্যমান আইনি বিধান আরও কঠোর করতে নতুন একটি বিল আনার পরিকল্পনা রয়েছে সরকারের। গোপনে পশু জবাইয়ের তথ্য পেলে সরাসরি তাকে জানাতেও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

শুভেন্দু ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইনের কথা উল্লেখ করে বলেন, আইনটি কঠোরভাবে কার্যকর করা হবে। গত ছয় মাসে অবৈধ পশু জবাই ও পাচারের ঘটনায় একাধিক অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 
এদিকে অনুমোদিত জবাইখানায় আইন মেনে পশু জবাইয়ের সুযোগ থাকবে কি না, এমন প্রশ্নে শুভেন্দু বলেন, অনুমোদিত জবাইখানায় আইনসম্মতভাবে জবাই করা যাবে। 
 
এর আগে চলতি বছরের মে মাসে রাজ্য সরকার ১৯৫০ সালের আইন কার্যকরে নতুন নির্দেশনা জারি করে। এতে গরু, ষাঁড় ও মহিষসহ গবাদিপশু জবাইয়ের আগে সরকারি পশুচিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাস্থ্যগত সক্ষমতার সনদ বাধ্যতামূলক করা হয়। নির্ধারিত জবাইখানার বাইরে জনসমক্ষে পশু জবাই নিষিদ্ধ করা হয়। আইন লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক হাজার রুপি জরিমানার বিধানও রয়েছে। 
 
পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞার ঘোষণা এখনো আসেনি। তবে গরু জবাইয়ের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বিলের চূড়ান্ত বিধানে স্পষ্ট হবে, এই নিয়ন্ত্রণ কতটা বিস্তৃত।

বিভি/এইচজে

মন্তব্য করুন: