৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট কমাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সরকারি হাসপাতালগুলোতে চলমান চিকিৎসক সংকট নিরসনে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। এ জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে পাঠানো হয়। এরপর নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেয় কমিশন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকটের কারণে দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে চলতি মাসেই ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিশেষ বিসিএসের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল সংশ্লিষ্ট সূত্র।
বিশেষ বিসিএসটি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পিএসসি-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর ফলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে সরকারি স্বাস্থ্যসেবায় নতুন চিকিৎসক যুক্ত করার সুযোগ তৈরি হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: