• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

লেবু-পানি খাচ্ছেন? কিডনির জন্য উপকারী, নাকি ক্ষতিকর?

প্রকাশিত: ২৩:২২, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লেবু-পানি খাচ্ছেন? কিডনির জন্য উপকারী, নাকি ক্ষতিকর?

শরীর সুস্থ রাখতে ও ফিট থাকতে অনেকেই দিনের শুরু করেন এক গ্লাস লেবু-পানি দিয়ে। কেউ ওজন নিয়ন্ত্রণে, কেউবা শরীরের পানিশূন্যতা দূর করতে নিয়মিত এই পানীয় পান করেন। ভিটামিন সি সমৃদ্ধ লেবু-পানির নানা স্বাস্থ্য উপকারিতার কথাও প্রচলিত রয়েছে। তবে এই অভ্যাস কিডনির জন্য কতটা ভালো? নিয়মিত লেবু-পানি পান করলে কি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে, নাকি আগে থেকে কিডনির সমস্যা থাকলে বাড়তে পারে? বিশেষজ্ঞদের মতে, পরিমিত লেবু-পানি সাধারণ মানুষের কিডনির জন্য উপকারী হতে পারে। তবে কিডনি রোগীদের ক্ষেত্রে এটি সব সময় নিরাপদ নয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয়েছে।

নভি মুম্বাইয়ের খারঘরের মেডিকভার হাসপাতালের ডায়েটেটিক্স বিভাগের প্রধান ডা. রাজেশ্বরী পান্ডার মতে, পরিমিত পরিমাণে লেবু-পানি পান করলে সুস্থ মানুষের কিডনির জন্য উপকার হতে পারে।

তিনি জানান, লেবুতে থাকা সাইট্রেট কিডনিতে পাথর তৈরি হওয়া প্রতিরোধে সহায়তা করতে পারে। বিশেষ করে ক্যালসিয়াম অক্সালেট পাথর গঠনের ঝুঁকি কমাতে এটি ভূমিকা রাখে। পাশাপাশি কিডনির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে শরীরে পর্যাপ্ত পানির উপস্থিতি জরুরি। তাই লেবু-পানি হোক কিংবা সাধারণ পানি, পর্যাপ্ত তরল গ্রহণ গুরুত্বপূর্ণ।

তবে লেবু-পানি সবার জন্য সমানভাবে উপকারী নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। একই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট ডা. অমিত নাগারিক জানান, যাদের আগে থেকেই কিডনির রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে লেবু-পানি পান করার আগে সতর্ক হওয়া প্রয়োজন।

বিশেষ করে জটিল বা অ্যাডভান্সড কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তরল গ্রহণের পরিমাণ সীমিত রাখতে হতে পারে। এ ছাড়া লেবুতে থাকা পটাশিয়াম কিডনি দুর্বল হলে শরীর থেকে যথাযথভাবে বের হতে না-ও পারে। ফলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

অতিরিক্ত লেবু-পানি পানেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর ফলে অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালাপোড়া, পাকস্থলীতে অস্বস্তি এবং দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডা. রাজেশ্বরী পান্ডা অতিরিক্ত লেবুর রস পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, বেশি পরিমাণ সাইট্রিক অ্যাসিড পাকস্থলীতে জ্বালাপোড়া তৈরি করতে পারে এবং দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, লেবু-পানিকে কিডনির রোগের চিকিৎসা বা প্রতিরোধের নিশ্চিত উপায় মনে করা ঠিক নয়। বরং এটি একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তবে কিডনির সমস্যা থাকলে নিয়মিত লেবু-পানি পানের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিভি/টিটি

মন্তব্য করুন: