৭০ বছর বয়সেও সুস্থ থাকতে যেসব অভ্যাসগুলো গড়ে তুলবেন
ছবি: বিবিসি/গেটি ইমেজ
সুস্থ ও কর্মক্ষমভাবে দীর্ঘ জীবন কাটাতে বয়স বাড়ার পর থেকেই সচেতন হওয়া জরুরি নয়। বরং ত্রিশের দশক থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে ৭০ বছর বয়সেও শরীর ও মন ভালো রাখা সম্ভব। নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম, সুষম খাবার এবং অ্যালকোহল এড়িয়ে চলার মতো অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরকে সুরক্ষা দিতে পারে।
গবেষকদের মতে, বয়স বাড়ার সঙ্গে শরীরের পেশি, হাড়ের ঘনত্ব, শারীরিক শক্তি ও বিপাকীয় কার্যক্রমে ধীরে ধীরে পরিবর্তন আসে। ত্রিশের দশক থেকেই এসব পরিবর্তনের প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে। তাই এ সময়টিই ভবিষ্যতের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বাক ইনস্টিটিউট ফর রিসার্চ অন এজিংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী এরিক ভারদিনের মতে, জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনতে পারলে অধিকাংশ মানুষের পক্ষেই ৯০ কিংবা ৯৫ বছর বয়স পর্যন্ত সুস্থ থাকা সম্ভব। তবে এজন্য বয়স বাড়ার অপেক্ষা না করে আগেভাগেই সচেতন হওয়া প্রয়োজন।
নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা
ত্রিশের দশকে শরীরের সক্ষমতা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া ভবিষ্যতে সুস্থ থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা, পেশির শক্তি ও নমনীয়তা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত।
গবেষকদের মতে, নিয়মিত খেলাধুলা করা ব্যক্তিদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক সক্ষমতা কমার হার তুলনামূলক ধীর হতে পারে। টেনিস ও ব্যাডমিন্টনের মতো র্যাকেট খেলার সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্কও পাওয়া গেছে। এ ছাড়া নিয়মিত সাইকেল চালানো বয়স্কদের দীর্ঘমেয়াদি পরিচর্যার প্রয়োজন এবং অকালমৃত্যুর ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
সপ্তাহে ৭৫ মিনিটের বেশি দৌড়ানোর সঙ্গে বয়সজনিত কিছু পরিবর্তন ধীর হওয়ার সম্পর্ক পাওয়া গেছে। তবে অতিরিক্ত কঠোর ব্যায়াম বা ম্যারাথনের মতো দীর্ঘ দৌড় শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
অন্যদিকে, প্রতিদিন মাত্র পাঁচ মিনিট মাঝারি থেকে তীব্র শারীরিক পরিশ্রমও মস্তিষ্কের বয়সজনিত পরিবর্তন ধীর করতে সহায়তা করতে পারে। খাবারের পর ১৫ মিনিট দ্রুত হাঁটাও শরীরের জন্য উপকারী।
দাঁতের যত্নেও মিলতে পারে মস্তিষ্কের সুরক্ষা
সুস্থ থাকতে দাঁতের যত্ন নেওয়াও জরুরি। নিয়মিত দাঁতের পরীক্ষা, সঠিকভাবে দাঁত ব্রাশ করা, ধূমপান এড়িয়ে চলা এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার কম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
গবেষণায় মাড়ির রোগের সঙ্গে পরবর্তী জীবনে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। মাড়ির প্রদাহ থেকে শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হতে পারে, যা মস্তিষ্কের ওপরও প্রভাব ফেলতে পারে।
পর্যাপ্ত ও নিয়মিত ঘুম
বয়স বাড়ার সঙ্গে সুস্থ থাকার জন্য ঘুমের নিয়ম ঠিক রাখাও গুরুত্বপূর্ণ। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ বজায় রাখতে সাহায্য করে।
এরিক ভারদিনের মতে, নিয়মিত ঘুমের অভ্যাস মস্তিষ্কের বয়সজনিত সংকোচন প্রতিরোধ এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে। ঘুমের সময় শরীরের কোষ মেরামতের কাজ চলে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শক্তি ও মানসিক উদ্যম জোগায়।
অ্যালকোহল কমানো ও খাদ্যাভ্যাসে পরিবর্তন
ত্রিশের দশক থেকেই অ্যালকোহল গ্রহণ কমানোর পরামর্শ দিয়েছেন গবেষকেরা। অ্যালকোহল শরীরের জিনের কার্যক্রমে পরিবর্তন ঘটাতে পারে, যা বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। পাশাপাশি এটি ঘুমের স্বাভাবিক ছন্দও ব্যাহত করে।
খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও সচেতন হওয়া প্রয়োজন। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমিয়ে ফলমূল ও শাকসবজি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মিষ্টি আলু, গাজর, আম ও এপ্রিকটের মতো খাবারে থাকা ক্যারোটিনয়েড নামের উদ্ভিজ্জ উপাদান কোষকে অক্সিডেটিভ স্ট্রেসজনিত ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে। গবেষণায় এসব উপাদান বেশি গ্রহণের সঙ্গে ধীরগতির বার্ধক্যের সম্পর্ক পাওয়া গেছে।
এ ছাড়া খাবারের মধ্যবর্তী সময়ে শরীরকে কিছুটা বিরতি দেওয়ার অভ্যাসও উপকারী হতে পারে। ইন্টারমিটেন্ট ফাস্টিং বা বিরতিতে খাবার গ্রহণের ক্ষেত্রে ১৬ ঘণ্টা না খেয়ে আট ঘণ্টার মধ্যে খাবার খাওয়ার নিয়ম প্রচলিত। তবে বিশেষজ্ঞ এরিক ভারদিনের মতে, প্রতিদিন ১২ ঘণ্টা না খেয়ে বাকি ১২ ঘণ্টার মধ্যে খাবার গ্রহণের অভ্যাসও উপকার দিতে পারে। তার ব্যাখ্যা, খাবার গ্রহণের সময় শরীর গঠন ও পুষ্টির কাজে ব্যস্ত থাকে, আর না খাওয়ার সময় শরীর মেরামতের দিকে মনোযোগ দিতে পারে।
ত্রিশের দশকের অভ্যাসই গড়ে দিতে পারে ভবিষ্যৎ
গবেষকদের মতে, ত্রিশের দশকে গড়ে তোলা স্বাস্থ্যকর অভ্যাসের প্রভাব কয়েক দশক পরও শরীরে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্রেমিংহাম হার্ট স্টাডি ও নার্সেস হেলথ স্টাডির মতো দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সে স্বাস্থ্যকর জীবনযাপনকারীদের হৃদ্রোগ, স্মৃতিশক্তি হ্রাস ও শারীরিক দুর্বলতার ঝুঁকি তুলনামূলক কম।
মায়ো ক্লিনিকের কোগডো সেন্টার অন এজিংয়ের অধ্যাপক জোয়াও পাসোসের মতে, ত্রিশের দশক থেকেই স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখলে কোষ ও অণুস্তরে বয়সজনিত কিছু পরিবর্তন প্রতিরোধ বা বিলম্বিত করা সম্ভব। এতে বার্ধক্য থামানো না গেলেও এর গতিপথ ইতিবাচকভাবে বদলে দেওয়া যায়।
অর্থাৎ, নিয়মিত হাঁটা ও খেলাধুলা, পর্যাপ্ত ঘুম, পরিমিত খাবার, ফলমূল-শাকসবজি খাওয়া এবং অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলার মতো অভ্যাস ভবিষ্যতে সুস্থ ও স্বনির্ভর জীবন কাটানোর সম্ভাবনা বাড়াতে পারে।
সূত্র: বিবিসি
বিভি/বিবিসি/পিএইচ













মন্তব্য করুন: