কালোবাজারিদের মজুতে তেলের কৃত্রিম সংকট নিয়ে জ্বালানীমন্ত্রীর শঙ্কা
কালোবাজারিরা তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও একটি চক্র ইচ্ছাকৃতভাবে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্বালানির অভাব নয়, বরং অনেক সময় চাহিদার ওঠানামা কিংবা রক্ষণাবেক্ষণের (মেইনটেন্যান্স) কারণে বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। বর্তমানে যে পরিমাণ চাহিদা রয়েছে, সে অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে পুরো রমজান মাসে কোথাও বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়নি। তিনি আরও বলেন, ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে সেটিকে লোডশেডিং বলা ঠিক নয়।
তিনি আরও জানান, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে অনেকেই অতিরিক্ত তেল কিনে মজুত করতে শুরু করেছেন। আগে যেখানে একটি পেট্রোল পাম্পে এক লরির তেল দীর্ঘ সময় চলত, এখন অতিরিক্ত চাহিদার কারণে তা অল্প সময়েই শেষ হয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন। তবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার পেছনে অনিয়ম ও কালোবাজারির সংশ্লিষ্টতা রয়েছে। ইতোমধ্যে সিরাজগঞ্জে দুজনকে আটক করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: