বাবা-মায়ের পর জাতিসংঘের মঞ্চে তারেক রহমান
ছবি: বাসস
জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে এবার প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের এই মঞ্চে ভাষণ দেওয়ার নজির তৈরি হবে।
তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। জাতিসংঘের নথিতে তার সেই বক্তব্যের রেকর্ড রয়েছে। ভাষণে তিনি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, ধনী ও দরিদ্র দেশের বৈষম্য এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন।
এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জাতিসংঘের নথি অনুযায়ী, পরবর্তী সময়েও তিনি সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে বক্তব্য দেন। ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা এবং ২০০৫ সালের ৬০তম অধিবেশনেও তাঁর বক্তব্যের রেকর্ড রয়েছে।
এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দেবেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়নের বিষয় গুরুত্ব পেতে পারে। রোহিঙ্গা সংকটও সফরের অন্যতম অগ্রাধিকার থাকবে বলে জানানো হয়েছে।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য আরও তাৎপর্যপূর্ণ, কারণ ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিভি/এমআর













মন্তব্য করুন: