প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে ছেড়ে দিয়েছে পুলিশ: মাহদী আমিন
ছবি: মাহ্দী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্যের অভিযোগে আটক কুষ্টিয়ার দৌলতপুরের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে ছেড়ে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশেই তাকে ছেড়ে দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘কটূক্তি ও আপত্তিকর’ মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বিক্ষোভের পর পুলিশ শিক্ষককে আটক করে থানায় নেয়।
মাহদী আমিন বলেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয়। প্রধানমন্ত্রীর মতে, মতের ভিন্নতা থাকতেই পারে এবং ভিন্নমত প্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।
গোলাম কিবরিয়া দৌলতপুরের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। মঙ্গলবার দশম শ্রেণির ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ, তখন তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।
তবে শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের পড়ায় উৎসাহ দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘ প্রবাসজীবনের কারণে বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হওয়ার কথা বলেছিলেন।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমানও শিক্ষককে পরে বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভি/এমআর













মন্তব্য করুন: