মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনীর পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন তিনি। প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ ও নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন।
জানা যায়, ফেনীর বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নেওয়া এ প্রকল্পে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ জুন প্রকল্পটির অনুমোদন দেয়।
প্রকল্পের আওতায় প্রায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখননের কাজ করা হবে। এ ছাড়া ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন ও ৭৭টি ইনলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যার ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়ন এবং নদীতীরবর্তী এলাকার সুরক্ষা জোরদার হবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম ফেনী সফর। দিনব্যাপী সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: