পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের এপিপিজি প্রতিনিধি দলের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত উক্ত সাক্ষাতে এপিপিজির চেয়ারপারসন আফসানা বেগম এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও তা সুসংহতকরণে যুক্তরাজ্যের সমর্থনের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের বাস্তব অগ্রগতি যুক্তরাজ্যের পার্লামেন্টে তুলে ধরতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা কামনা করেন।
প্রতিনিধি দলটি আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবে বলে জানানো হয়। এ সময় রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও মানবিক সহায়তা কার্যক্রম সচল রাখতে যুক্তরাজ্যের পার্লামেন্টসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সোচ্চার থাকার বিষয়ে প্রতিনিধি দলটি আশ্বস্ত করে।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সংসদীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: