• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের অবহেলা করা যাবে না: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের অবহেলা করা যাবে না: ড. মঈন খান

দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, মানুষ মনে করে যুক্তরাষ্ট্র আধুনিক অস্ত্র ও গোলাবারুদের কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তবে বাস্তবে দেশটি শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, একটি দেশকে শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কঠিন চ্যালেঞ্জ গ্রহণের জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বিভি/এজেড

মন্তব্য করুন: