সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক: খাদ্যমন্ত্রী রিতা
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন “মানিকগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। তাঁরা আমার বাসায় গত ঈদের দাওয়াত খেয়েছেন। মানিকগঞ্জের সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের যেকোনো জেলার তুলনায় ভালো রয়েছে। এই সম্প্রীতি ধরে রাখতে হবে।”
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। দুর্গোৎসবসহ সব ধর্মীয় উৎসব যেন আনন্দ, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আমাদের সমাজের শক্তি। এ ঐতিহ্য অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি খানম, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলী নুর।
বিভি/এজেড













মন্তব্য করুন: