ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে আইন-শৃঙ্খলা ফেরানো জরুরি: বিদ্যুৎমন্ত্রী
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ পরিস্থিতিতে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় দেশে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিশ্বরাজনীতি বর্তমানে অস্থির সময় পার করছে। ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে। বাংলাদেশ এই পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে।
তিনি বলেন, ‘এই ইরান যুদ্ধের ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেখান থেকে পরিত্রাণ পেতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে হলে আমাদের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং দেশকে সঠিক পথে নিয়ে যেতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৭ বছরের শাসনের পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত আন্দোলন এ পরিবর্তনে ভূমিকা রেখেছে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিজ নিজ কাজে ফিরে গিয়ে দেশ গঠনে অবদান রাখতে হবে।
গণঅভ্যুত্থানের পর কয়েকজন ছাত্রনেতার সরকারে যোগ দেওয়া ও নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গেও কথা বলেন তিনি। মন্ত্রীর মতে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে গত ১৭ বছর ধরে আন্দোলনে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সড়ক অবরোধ ও মবের মতো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের সভাপতি উজ্জল হোসেন জোবায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক।
এ ছাড়া বক্তব্য দেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল হক নির্ঝর, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান গোলাম রহমান, আমরা জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল তুহিন এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
স্মরণসভায় রাজশাহী বিভাগের জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: