রিয়াদে হুথিদের হামলায় ২ বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা জানালো ঢাকা
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল শনিবার (১০ অক্টোবর) ওই হামলায় আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।
বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এই শোকাবহ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান সংকটের প্রেক্ষাপটে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: