• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

কিং খালিদ বিমানবন্দরে ভয়াবহ হামলা: সৌদিগামী আরও ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত: ১১:১১, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কিং খালিদ বিমানবন্দরে ভয়াবহ হামলা: সৌদিগামী আরও ৫ ফ্লাইট বাতিল

ফাইল ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদিগামী আরও পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত এসব ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইটও রয়েছে। এতে সৌদিগামী যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এর আগে শনিবার রাতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪ নম্বরের ফ্লাইট রয়েছে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ফ্লাইটটিও বাতিল হয়েছে। ফ্লাইটটির ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা ছিল।

এদিকে, শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি দিবাগত রাত ৩টা ১০ মিনিটে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়। এসব ফ্লাইটে টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। রিয়াদের বিমানবন্দরের পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তন হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: