• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

প্রজ্ঞা’র জরিপ

৪ দামস্তরের আড়ালে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক

প্রকাশিত: ১২:৫৫, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৫৭, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
৪ দামস্তরের আড়ালে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক

প্রতিকী ছবি

সরকার নির্ধারিত চারটি দামস্তরের আড়ালে ১২টি ভিন্ন দামে ৫৩টি সিগারেটের ব্র্যান্ড বাজারজাত করছে কোম্পানিগুলো। এতে ভোক্তাদের সামর্থ্য অনুযায়ী ব্র্যান্ড পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে। এমনকি নিম্ন দামস্তরেই আটটি ভিন্ন দামে সিগারেট পাওয়া যাচ্ছে। এ স্তরের সবচেয়ে দামি ব্র্যান্ডের মূল্য ৯০ টাকা, যা মধ্যম দামস্তরের নির্ধারিত দাম ৯২ টাকার কাছাকাছি।

বেসরকারি গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশের আটটি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার মধ্যে এ জরিপ চালানো হয়।

জরিপের তথ্য অনুযায়ী, সিগারেটের দাম ও কর বাড়ানো হলেও ভোক্তাদের কম দামের ব্র্যান্ড বেছে নেওয়ার সুযোগ থাকায় তামাকের ব্যবহার কমানোর প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হচ্ছে। তামাকবিরোধীদের দীর্ঘদিনের দাবি, সিগারেটের দামস্তরের সংখ্যা পর্যায়ক্রমে চারটি থেকে কমিয়ে একটিতে নামিয়ে আনা।

বৈশ্বিক বিভিন্ন গবেষণার বরাত দিয়ে প্রজ্ঞা বলছে, একক দামস্তর চালু হলে দাম ও কর বৃদ্ধির কার্যকারিতা বাড়তে পারে। বিশেষ করে তরুণ ও নিম্ন আয়ের মানুষ সিগারেট ছেড়ে দিতে উৎসাহিত হতে পারেন এবং নতুন করে ধূমপান শুরু করার প্রবণতা কমতে পারে।

জরিপের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সরকার প্রতিটি দামস্তরের সঙ্গে ‘তদূর্ধ্ব’ শব্দটি ব্যবহার করায় সিগারেট কোম্পানিগুলোকে কার্যত একটি নির্দিষ্ট দামসীমার মধ্যে বিভিন্ন মূল্যে পণ্য বাজারজাত করার সুযোগ দেওয়া হয়েছে। যেমন, নিম্ন দামস্তরের ক্ষেত্রে ৬৫ টাকা ও তদূর্ধ্ব এবং মধ্যম দামস্তরের ক্ষেত্রে ৯২ টাকা ও তদূর্ধ্ব নির্ধারণ করা হয়েছে।

এর ফলে কোম্পানিগুলো নিম্ন দামস্তরেই ৬৫ টাকা থেকে ৯১ টাকা পর্যন্ত বিভিন্ন দামে সিগারেট বাজারজাত করতে পারছে। একইভাবে প্রিমিয়াম স্তর পর্যন্ত বিভিন্ন দামে পৃথক ব্র্যান্ড বাজারজাত করার সুযোগ রয়েছে।

প্রজ্ঞার জরিপে সুপারিশ করা হয়েছে, দামস্তরগুলোর সঙ্গে ‘তদূর্ধ্ব’ শব্দটি বাদ দিয়ে প্রতিটি স্তরে একক মূল্য নির্ধারণ করতে হবে। পাশাপাশি পর্যায়ক্রমে দামস্তরের সংখ্যা কমিয়ে একটিতে নিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানটির মতে, এসব পদক্ষেপ নেওয়া হলে সিগারেটের ওপর কর ও দাম বৃদ্ধির প্রভাব আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: