• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

প্রকাশিত: ১৩:১৫, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

ছবি: বাসস

নারী ও শিশু নির্যাতন, নিরাপত্তাহীনতা ও মাদক সমস্যা মোকাবিলায় শুধু আইন ও আদালতের ওপর নির্ভর না করে জনমত তৈরি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, সামাজিক সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এসব সমস্যা কেন তৈরি হচ্ছে এবং এর পেছনে কী ধরনের সামাজিক পরিবেশ কাজ করছে, তা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রবিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাস্তব অভিজ্ঞতা থেকে অর্থবহ পরিবর্তন: মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বা চিকিৎসা-সমাজকর্মের চর্চাকে এগিয়ে নেওয়া’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা কেন ঘটছে এবং এর পেছনে কী ধরনের সামাজিক পরিবেশ কাজ করছে, তা খতিয়ে দেখতে হবে। সামাজিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও জানান, কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের প্রতিটি ওয়ার্ডে কিশোর-কিশোরী ক্লাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ক্লাবে শিক্ষকদের মাধ্যমে নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, সামাজিক সমস্যা মোকাবিলায় আইনগত পদক্ষেপের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: