বিশ্বসেরা হাফেজ ইহতেশামুলকে সংবর্ধনা দিলো সরকার
ছবি: বিমানবন্দরে ইহতেশামুলকে সংবর্ধনা
বিশ্বমঞ্চে পবিত্র কোরআনের হিফজে শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশে ফেরা বাংলাদেশের গর্ব হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিয়েছে সরকার। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান আহমেদ এবং যুগ্মসচিব আরিফুল ইসলাম। এ ছাড়া হিরার সঙ্গে ছিলেন তার শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি ফয়েজী মাসুম।
গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় কয়েক ধাপের বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। হিফজুল কোরআন বিভাগে সবার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রথম স্থান লাভ করেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।
প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।
হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। এর আগে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা’দ নুরসহ অনেকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। এবার সেই সাফল্যের ধারায় যুক্ত হলো হিরার নাম।
হিরার এ অর্জনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মাসুম ফয়েজী। তিনি দোয়া করেন, মহান আল্লাহ তাআলা যেন হিরাসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দাঈ হিসেবে কবুল করেন।
বিভি/এমআর













মন্তব্য করুন: