ভাষা ও দক্ষতার প্রশিক্ষণ দিয়ে ইতালিতে কর্মী পাঠানোর উদ্যোগ
ইতালীয় ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দিয়ে নিয়মিত ও বৈধ পথে বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে ইতালি সরকার। এ লক্ষ্যে আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ উদ্যোগের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।
সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দায়িত্বশীল ও গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন ইতালির রাষ্ট্রদূত। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক অংশীদারিত্বের কথা তুলে ধরে তিনি বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
এ সময় অবৈধ পথে অভিবাসন নিরুৎসাহিত করে বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ বাড়ানো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির সংখ্যা ও প্রক্রিয়া সহজ করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ সরকারের তৃতীয় ভাষা শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরির অগ্রাধিকারকে বিবেচনায় নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের উদ্দেশ্যে আগামী মাসে এ কর্মসূচি আয়োজন করা হবে।
কর্মসূচির আওতায় আগ্রহীদের ইতালীয় ভাষা, দেশটির সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ থাকবে। প্রশিক্ষণ শেষে তাদের ইতালিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহ্দী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শেখার সুযোগ নিশ্চিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ ও ইতালির অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে।
সাক্ষাৎকালে ইতালির দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলিও উপস্থিত ছিলেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: