• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক

প্রকাশিত: ২০:১৯, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক

সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন বিদেশে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত তিন নারী কূটনীতিক। তারা হলেন ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

সোমবার (১২ অক্টোবর) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তার মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।

সামিনা নাজ বর্তমানে নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া ভারতের মুম্বাই ও দিল্লি, নেদারল্যান্ডসের হেগ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

নাহিদা রহমান সুমনা বর্তমানে গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে যোগ দেওয়ার আগে তিনি চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, নওরীন আহসান বর্তমানে ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, নেদারল্যান্ডসের হেগ এবং কানাডার অটোয়ায় বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত