গেজেটভুক্ত না হওয়া আহত জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হলেও এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন করে আবেদন গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা থেকে গত ১০ নভেম্বর এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে জুলাই আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু গেজেটভুক্ত হননি—এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ৮৪২ জন শহীদ হয়েছেন। আহত ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি, কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ ক্যাটাগরিতে ৯৯০ জন, ‘খ’ ক্যাটাগরিতে ১ হাজার ১৪ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে ১১ হাজার ৯৬৪ জনের নাম রয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপজেলা ও জেলা পর্যায়ে বর্তমানে ৯৩১ জন আহত ব্যক্তির আবেদন অনিষ্পন্ন রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হলেও এখনো যোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সুযোগ পাননি, এমন ব্যক্তিও রয়েছেন।
চিঠিতে আরও বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সরকারের শেষ কর্মদিবসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুলাই শহীদ ও যোদ্ধাদের নতুন করে অন্তর্ভুক্তির আবেদন মন্ত্রণালয়ে না পাঠানোর নির্দেশনা দিয়ে দেশের সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছিল।
এর ফলে পরবর্তী সময়ে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে আহত ব্যক্তিদের পক্ষ থেকে আবেদন জমা পড়লেও সেগুলো পরবর্তী কার্যক্রমের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি।
এ পরিস্থিতিতে গেজেটের বাইরে থাকা আহত ব্যক্তিদের নতুন করে তালিকাভুক্তির সুযোগ দিতে আবেদন গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার পক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে। এসব তথ্য ও নথি যাচাই করে আবেদনকারীদের তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারের এ উদ্যোগের ফলে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও বিভিন্ন কারণে এত দিন তালিকাভুক্ত হতে না পারা ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হবে।
বিভি/বিএসএস/এজেড













মন্তব্য করুন: