বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
ছবি: ব্রিফিংয়ে ফারহান হক
বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত সব অপরাধের বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটির সব রাজনৈতিক দল ও নেতার অবাধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ থাকা উচিত বলে মনে করে সংস্থাটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক ২০২৪ সালের আন্দোলনে প্রাণহানির ঘটনা এবং বর্তমান পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের রাজনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন করেন। আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে উঠে আসা অপরাধের বিচার এবং নতুন করে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা নিয়েও জানতে চান তিনি।
জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। তবে জাতিসংঘ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা দেখতে চায়। এর মধ্যে জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও রয়েছে। পাশাপাশি সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির কর্মকাণ্ডে অংশ নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) তথ্যসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত আন্দোলন ঘিরে সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। আহত হন কয়েক হাজার। নিহতদের ১২ থেকে ১৩ শতাংশ শিশু।
প্রতিবেদনে সাবেক সরকারের নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সহিংস উপাদানগুলোর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আরও তদন্তের সুপারিশ করা হয়। সূত্র: ওএইচসিএইচআর
বিভি/এমআর













মন্তব্য করুন: