• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কোন ইউপিতে কবে ভোট, সিদ্ধান্ত ১৬ নভেম্বর: ইসি সচিব

প্রকাশিত: ১৯:১৫, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কোন ইউপিতে কবে ভোট, সিদ্ধান্ত ১৬ নভেম্বর: ইসি সচিব

ফাইল ছবি

দেশের কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নিয়ে আগামী ১৬ নভেম্বর সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন অনুষ্ঠেয় কমিশনের বৈঠকে পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি, ভোটের সম্ভাব্য তারিখ এবং কোন ইউনিয়ন কোন ধাপে থাকবে, তা নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে। বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।

ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সূচি অনুযায়ী পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হতে পারে।

তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় আসবে, সে বিষয়ে ১৬ নভেম্বরের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানা যাবে।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: