• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

তুরস্কের জেন্ডারমেরির প্রশিক্ষণ পেলেন আনসার ব্যাটালিয়নের ১১৮ সদস্য

প্রকাশিত: ১৮:২৪, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৫, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তুরস্কের জেন্ডারমেরির প্রশিক্ষণ পেলেন আনসার ব্যাটালিয়নের ১১৮ সদস্য

জনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে দক্ষতা বাড়াতে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১১৮ কর্মকর্তা ও সদস্য। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে আধুনিক অপারেশনাল কৌশল, আত্মরক্ষা, দলগত সমন্বয় ও সংকট মোকাবিলার বিভিন্ন পদ্ধতি শেখানো হয়।

গত ১ থেকে ৫ নভেম্বর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ‘পাবলিক অর্ডার ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড রায়ট কন্ট্রোল ট্রেনিং’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া ১১৮ জনের মধ্যে ছিলেন ১১ জন বিসিএস আনসার কর্মকর্তা, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ সদস্য এবং আনসার ব্যাটালিয়নের ৯৭ সদস্য।

তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল প্রশিক্ষণটি পরিচালনা করে। দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্ক দূতাবাসের নিরাপত্তা, সহযোগিতা ও অভ্যন্তরীণ বিষয়ক কাউন্সেলর জেন্ডারমেরি কর্নেল বোরো তাসদেলেন। তার সঙ্গে ছিলেন তুরস্কের জেন্ডারমেরি জেনারেল কমান্ডের তিনজন প্রশিক্ষক ও একজন দোভাষী।

প্রশিক্ষণে তাত্ত্বিক পাঠের পাশাপাশি ব্যবহারিক অনুশীলন ও বাস্তব পরিস্থিতিভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। জনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ, দাঙ্গা নিয়ন্ত্রণ, আত্মরক্ষার কৌশল, কৌশলগত অবস্থান গ্রহণ, দলগত সমন্বয় এবং সংকট মোকাবিলার বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীর বিক্রম এলাহী বক্স অডিটোরিয়াম, প্যারেড গ্রাউন্ড ও স্পোর্টস মাঠে এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজকদের ভাষ্য, প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল আকস্মিক সহিংসতা, দাঙ্গা ও জটিল নিরাপত্তা পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রস্তুত করা। পাশাপাশি অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের পরিবর্তে সংঘাত প্রশমন, ঝুঁকি কমানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গত ৫ নভেম্বর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বাড়বে। পাশাপাশি তুরস্কের জেন্ডারমেরির সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

বিভি/এসএম/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত