• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনে বৈশ্বিক নেতৃত্বের সুযোগ তারেক রহমানের সামনে!

প্রকাশিত: ১৫:১৭, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জলবায়ু সম্মেলনে বৈশ্বিক নেতৃত্বের সুযোগ তারেক রহমানের সামনে!

১৯৯৫ সালে জার্মানির বার্লিনে যখন প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলনের শুরু সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু নানান বাস্তবতায় সেই সম্মেলনে সরাসরি অংশ নিতে পারেননি তিনি। 


তবে শুধু প্রধানমন্ত্রী থাকাকালেই নয়, বিরোধী দলে থেকেও বিভিন্ন সময় জলবায়ু পরিবর্তন নিয়ে জোরালো বক্তব্য দিতে দেখা গেছে বেগম খালেদা জিয়াকে। ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত COP15 কে ঘিরে বেগম জিয়া জলবায়ু ন্যায়বিচার, উন্নত বিশ্বের দায়বদ্ধতা, ক্ষতিপুরণ ও অভিযোজন এবং প্রযুক্তি হস্তান্তরসহ বাংলাদেশের সুন্দরবন রক্ষা এবং ভারতের সৃষ্ট ফারাক্কা দুর্ভোগ প্রসঙ্গ জোরালো বক্তব্য দিয়েছেন।

এবারের তুরস্কের আন্তালিয়ায় ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন এমন সময় শুরু হয়েছে যার মাত্র ৯ মাস আগে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন বেগম খালেদা জিয়ারই উত্তরসূরী তারেক রহমান। প্রধানমন্ত্রী হয়েই তিনি নিয়েছেন জলবায়ু ও পরিবেশবান্ধব নানান উদ্যোগ। 

তুরস্কের আন্তালিয়ায় ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে ডোন্ট গ্যাস এশিয়া ক্যাম্পেইন-এর সমন্বয়ক শরীফ জামিল বাংলাভিশনকে বলেন, “এবারের কপ সম্মেলনে মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, তার সবকটিই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সুতরাং, তাকে জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে সঠিকভাবে তুলে ধরতে হবে। ”


এরই মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও এনার্জি ট্রানজিশনে বেশ কিছু উদ্যোগ নিয়েছে তারেক রহমান সরকার। ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নেওয়া হয়েছে ২৫ কোটি বৃক্ষরোপনের উদ্যোগও। তারেক রহমানের কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ সুরক্ষার এই উদ্যোগ হতে পারে হতে পারে বিশ্বের কাছে রোল মডেল। তাই এবারের জলবাযু সম্মেলন তারেক রহমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছেন, দেশের জলবায়ু বিশেষজ্ঞরা।
 

২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও নেপাল। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিবেশী এলডিসি দেশগুলোকে নিয়ে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও অভিযোজনের অভিন্ন দাবিতে এবারই একটি নতুন জোট গঠনের আলোচনা শুরু করতে পারে তারা। উদ্যোক্তা হিসেবে যার নেতৃত্বেও থাকতে পারেন তারেক রহমান।
 

তুরস্কে এসে শক্তিশালী তৎপরতাও শুরু করেছেন তারেক রহমান। আন্তালিয়ায় পৌঁছেই বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে। বক্তব্য দিয়েছেন জিরো ওয়েস্ট গোলটেবিলেও। 

বৃহস্পতিবার লিডার সামিটে দেশের হয়ে বক্তব্য দেবেন তারেক রহমান। বাংলাদেশের জলবায়ুকর্মীদের প্রত্যাশা, মায়ের ধারাবাহিকতায় বক্তব্যেও জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর ন্যায্য অভিযোজন এবং ক্ষতিপূরণ আদায়ে জোরালো অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ৩১ এর মধ্যদিয়ে তারেক রহমান বিশ্ব জলবায়ু মঞ্চে স্থান করে নেওয়ার পাশাপাশি জলবায়ুর ন্যায্য পাওনাও নিশ্চিত হবে বলে প্রত্যাশা বাংলাদেশের জলবায়ুপিড়ীত মানুষদের।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: