• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বর্জ্যশ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশের দাবি উঠলো কপ৩১-এর সাইড ইভেন্টে

কেফায়েত শাকিল, আন্তালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশিত: ২২:৪৫, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৪৫, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বর্জ্যশ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশের দাবি উঠলো কপ৩১-এর সাইড ইভেন্টে

শুধু বর্জ্য পুনর্ব্যবহার করলেই সার্কুলার অর্থনীতি গড়ে উঠবে না। এ ব্যবস্থায় বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের কাজে যুক্ত শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থায়ন ও বাজারের সুযোগ তৈরি করতে হবে। শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

‘ইয়ুথ পাওয়ারিং জিরো ওয়েস্ট: সার্কুলার ইকোনমি অ্যান্ড এনার্জি অ্যাজ দ্য নেক্সট ক্লাইমেট ফ্রন্টিয়ার’ শীর্ষক অধিবেশনটি অনুষ্ঠিত হয় তুরস্ক প্যাভিলিয়নের গ্রিন জোন মেইন স্টেজে। এতে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক ও মিসরের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় সঞ্চালনা করেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির সাসটেইনেবিলিটি পলিসি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও গ্লোবাল সাউথ নেক্সাসের সহপ্রতিষ্ঠাতা আতিক জামান। তিনি বলেন, ‘জিরো ওয়েস্ট আর ডিকার্বনাইজেশন আলাদা যাত্রা নয়, দুটো একই পথ।’ তাঁর মতে, কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি সম্পদের অপচয় রোধ, বর্জ্য কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য উৎপাদনব্যবস্থা গড়ে তোলাও জলবায়ু মোকাবিলার অংশ।

অধিবেশনটির আয়োজন করে ইউএন কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্স ফর দ্য এনার্জি ট্রানজিশন, গ্লোবাল সাউথ নেক্সাস ও কার্টিন ইউনিভার্সিটি।

বক্তাদের মতে, সার্কুলার অর্থনীতির সাফল্য শুধু কত বর্জ্য পুনর্ব্যবহার হলো, তা দিয়ে বিচার করা যাবে না। দেখতে হবে, এ ব্যবস্থায় শ্রমিকেরা ন্যায্য অধিকার পাচ্ছেন কি না, তরুণ উদ্যোক্তারা এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন কি না এবং অর্থনৈতিক সুফল সবার মধ্যে ন্যায্যভাবে বণ্টন করা হচ্ছে কি না।

ঝুটশিল্পের শ্রমিকদের সুরক্ষার দাবি

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উদাহরণ তুলে ধরে ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত না করে বস্ত্রশিল্পের সার্কুলার অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ মানুষ কাজ করেন। দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। পোশাক তৈরির সময় কাপড়ের যেসব টুকরা পড়ে থাকে, সেগুলো স্থানীয়ভাবে ‘ঝুট’ নামে পরিচিত। এসব বর্জ্য সংগ্রহ, বাছাই ও প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ তৈরি করেন বহু শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তা। তাদের কাজের ওপর নির্ভর করে গড়ে উঠেছে বড় একটি অনানুষ্ঠানিক শিল্পখাত। অথচ পরিবেশের ক্ষতি কমিয়ে শিল্প গড়ার আলোচনায় তাদের অবদান যথাযথভাবে স্বীকৃতি পায় না।

বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ৩ লাখ ৩০ হাজার থেকে ৫ লাখ টন বস্ত্র-বর্জ্য তৈরি হয়। ২০২৬ সালের একটি গবেষণার তথ্য তুলে ধরে সোহানুর রহমান জানান, দেশের ১২টি জেলায় ১৮ হাজার ৪০০ থেকে ২২ হাজার অনানুষ্ঠানিক ঝুট কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় ১ লাখ ৯৫ হাজার থেকে ২ লাখ ১৪ হাজার শ্রমিক। তাদের অনেকে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা এবং সপ্তাহে অন্তত ছয় দিন কাজ করেন। গড় মাসিক আয় প্রায় ৬ হাজার টাকা।

সোহানুর রহমান বলেন, ‘ন্যায্য রূপান্তর মানে শুধু শ্রমিকদের জন্য কর্মসংস্থান তৈরি করা নয়; নিজেদের কাজের ভবিষ্যৎ গড়ার ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়াও।’

ঝুট কারখানার শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, পর্যাপ্ত আলো-বাতাস, অগ্নিনিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, সুরক্ষাসামগ্রী, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেন।

বর্জ্য সংগ্রহকারী ও ঝুট কারখানার শ্রমিকদের কাজের ধরন আলাদা। তবে দুই গোষ্ঠীরই বড় অংশ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং নানা ঝুঁকির মুখে থাকেন। বর্জ্য সংগ্রহকারীদের আইনি স্বীকৃতি, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য আয় ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণেও তাদের অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন।

সোহানুর রহমান বলেন, শিল্পের আনুষ্ঠানিকীকরণের নামে পুরোনো শ্রমিকদের কাজ থেকে সরিয়ে দেওয়া যাবে না। এতে অর্থনৈতিক সুযোগ বড় প্রতিষ্ঠানের হাতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। বরং বিদ্যমান শ্রমিকদের জীবিকা সুরক্ষিত রেখে তাদের জন্য উন্নত কর্মপরিবেশ তৈরি করতে হবে।

সবুজ রূপান্তরের খরচ শুধু শ্রমিক ও স্থানীয় সরবরাহকারীদের ওপর চাপিয়ে না দিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদেরও দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। ক্ষুদ্র উদ্যোক্তা, সমবায় ও শ্রমিকদের উদ্যোগের জন্য অর্থায়ন ও নতুন প্রযুক্তির সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘যারা বস্ত্রশিল্পের বর্জ্য সংগ্রহ ও পুনরুদ্ধার করছেন, তারাই যদি অর্থনৈতিকভাবে অনিরাপদ ও সামাজিকভাবে অরক্ষিত থাকেন, তবে আমাদের বস্ত্রশিল্পকে কি টেকসই বলা যায়?’

তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর তাগিদ

সাসটেইনেবল অ্যাগ্রিকালচার কো-অপারেটিভের চেয়ারপারসন ও ইউএন কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্স ফর দ্য এনার্জি ট্রানজিশনের সদস্য সেলেন ইনাল বলেন, সার্কুলার অর্থনীতির সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি ও তরুণদের উদ্ভাবনকে যুক্ত করতে হবে।

তিনি বলেন, ‘তরুণদের কী করতে হবে, সেটা বলে দেওয়ার জন্য আমরা এখানে নই। তাদের কাছে চমৎকার সব ধারণা আছে, বিশ্বের সমস্যা সমাধানের আবেগ আছে, পরিবর্তন ঘটানোর শক্তি আছে। আমাদের দায়িত্ব হলো সহায়ক পরিবেশ গড়ে তোলা এবং তাদের পথের বাধাগুলো সরিয়ে দেওয়া।’

তুরস্কের প্যাকোরামার প্রতিষ্ঠাতা জেইনেপ ইলগাজ চিফচি পরিবেশবান্ধব প্যাকেজিং নিয়ে তাদের উদ্যোগের কথা তুলে ধরেন। তার প্রতিষ্ঠান জৈব উপায়ে পচনশীল ও প্লাস্টিকমুক্ত প্যাকেজিং তৈরি করে। এর লক্ষ্য প্লাস্টিক বর্জ্য কমানো এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করা। এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার সুযোগও তৈরি করতে পারে।

আলোচকেরা বলেন, তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগকে এগিয়ে নিতে সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ ও উৎপাদনের অবকাঠামো প্রয়োজন। পাশাপাশি বড় প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার সুযোগ, সরকারি-বেসরকারি ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং পণ্য বিক্রির বাজার তৈরি করতে হবে। নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তার কথাও বলেন তারা।

মিসরের ইমপ্যাক্ট ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল ওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাওসান এলাওয়াদি জানান, তাদের সংগঠন নারীদের কৃষিবর্জ্য ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরির প্রশিক্ষণ দেয়। এতে একদিকে বর্জ্য কমে, অন্যদিকে নারীদের আয়ের সুযোগ তৈরি হয়। এ ধরনের উদ্যোগ সফল করতে প্রশিক্ষণের পাশাপাশি বাজারের সঙ্গে সংযোগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা জরুরি বলে মনে করেন তিনি।

সিসা দূষণ রোধেও তরুণদের ভূমিকা

আলোচনায় বাংলাদেশের সিসা দূষণ প্রতিরোধে তরুণদের উদ্যোগের কথাও তুলে ধরেন সোহানুর রহমান। তিনি জানান, ইয়ুথনেট গ্লোবাল, পিওর আর্থ বাংলাদেশ ও ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত #সলভলেডপলিউশন প্রচারাভিযানে দেশের ৬৪ জেলার তরুণেরা সিসা দূষণের ঘটনা নথিভুক্ত করেছেন। তারা স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, গণমাধ্যম পর্যবেক্ষণ ও জনসচেতনতা তৈরির কাজ করেছেন। দূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপও দাবি করেছেন তাঁরা।

বিশেষ করে পরিবেশ ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা ছাড়াই পুরোনো ব্যাটারি পুনর্ব্যবহারের ঝুঁকির কথা তুলে ধরেন তিনি।

সোহানুর রহমান বলেন, ব্যাটারি ও জ্বালানি সংরক্ষণব্যবস্থার চাহিদা বাড়ছে। তাই পরিচ্ছন্ন জ্বালানির প্রসারের সঙ্গে পরিবেশবান্ধব ব্যাটারি পুনর্ব্যবহারের ব্যবস্থাও গড়ে তুলতে হবে। কার্যকর আইন, নিরাপদ প্রযুক্তি, উপযুক্ত অবকাঠামো ও শ্রমিকের সুরক্ষা নিশ্চিত না হলে ব্যাটারি পুনর্ব্যবহার থেকেই নতুন দূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

অধিবেশনে উপস্থাপিত একটি প্রাক্কলন অনুযায়ী, বাংলাদেশে ৩ কোটি ৬০ লাখের বেশি শিশুর রক্তে সিসার উচ্চমাত্রা থাকতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি শিশুদের রক্তে সিসার মাত্রা পরীক্ষা, স্বাস্থ্যসেবা বাড়ানো এবং তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা। পরিবেশ রক্ষার কাজে পুরুষ ও ছেলেদেরও দায়িত্ব নিতে হবে বলে মত দেন তারা।

জাতিসংঘের ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্ক ইয়াঙ্গোর কেমিক্যালস, ওয়েস্ট অ্যান্ড পলিউশন ওয়ার্কিং গ্রুপের ভারপ্রাপ্ত যোগাযোগ প্রতিনিধি ও পাকিস্তানের প্রতিনিধি পিরাহ সিয়াল তার দেশের প্লাস্টিক বর্জ্য পরিস্থিতি তুলে ধরেন।

বিভি/কেএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত