• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সরকারি খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ ১ হাজার জুলাই যোদ্ধার

প্রকাশিত: ২৩:৪১, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সরকারি খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ ১ হাজার জুলাই যোদ্ধার

চলতি নভেম্বর মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধাকে সম্পূর্ণ সরকারি খরচে মালয়েশিয়া পাঠানো হবে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মালয়েশিয়াগামী কর্মীদের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করা হবে। দেশটিতে যেতে একজন কর্মীর জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা।

এদিকে সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং তাদের সুরক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

এ সময় এক সংসদ সদস্য বিদেশে কর্মরত বাংলাদেশিদের নানা দুর্ভোগের বিষয় তুলে ধরেন। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিদেশের মাটিতে এসব কর্মীকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

প্রবাসীদের উপার্জিত অর্থ দেশে পাঠানোর পর পারিবারিক জটিলতা ও প্রতারণার শিকার হওয়ার বিষয়টিও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া বিমানবন্দরে লাগেজ কাটা, হয়রানি, দালাল চক্রের হাতে জিম্মি হওয়া, নির্যাতন এবং প্রবাসীদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের মতো সমস্যার কথা তুলে ধরেন।

বিদেশে কোনো বাংলাদেশি কর্মী অসুস্থ হয়ে পড়লে বা বিপদে পড়লে সংশ্লিষ্ট দূতাবাস থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগও সংসদে উত্থাপন করেন ওই সংসদ সদস্য। এসব সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা কী, তা জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের সহায়তার জন্য প্রতিটি বাংলাদেশি মিশনে আলাদা ডেস্ক স্থাপন করা হয়েছে। এসব ডেস্কে প্রবাসীদের সমস্যার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিদেশে কোনো বাংলাদেশি কর্মী সমস্যায় পড়লে ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন। অভিযোগ বা তথ্য পাওয়ার পর দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রবাসীর পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের চিকিৎসাসেবা ও চিকিৎসার ব্যয় নির্বাহেও সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে।

বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের যেকোনো সমস্যার তথ্য পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সংসদকে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত