• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পৃথিবীর ভারসাম্য রক্ষার ৯টি সীমার সাতটিই অতিক্রান্ত

কপ৩১: জলবায়ু অর্থায়নের বিকল্প উৎস তুলে ধরলো বাংলাদেশি গবেষণা সংস্থা

কেফায়েত শাকিল, আন্তালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশিত: ২৩:১৬, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:১৭, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপ৩১: জলবায়ু অর্থায়নের বিকল্প উৎস তুলে ধরলো বাংলাদেশি গবেষণা সংস্থা

প্রথম আন্তর্জাতিক অভিযোজন তহবিল গঠনের ২৫ বছর পর জলবায়ু অর্থায়নের পরিমাণ বেড়েছে, কিন্তু এর ভিত্তি তৈরি হয়েছে ঋণের ওপর। ২০২২ সালে উন্নয়নশীল দেশগুলোর জন্য বরাদ্দকৃত সরকারি জলবায়ু অর্থায়নের ৬৯ শতাংশই এসেছে ঋণ হিসেবে। একই সঙ্গে ২৫ বছরে পৃথিবীর পৃথিবীর ভারসাম্য রক্ষার ৯টি সীমার সাতটিই অতিক্রম করা হয়েছে, যার সবকটিই বর্তমানে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক অর্থায়নে জলবায়ু খাতের তুলনায় প্রকৃতি প্রায় ছয় ভাগের এক ভাগ অর্থ পায়। যারা জলবায়ু সংকট সৃষ্টিতে সবচেয়ে কম দায়ী, সেই ঝুঁকিপূর্ণ দেশগুলোকে এর মূল্য দিতে হচ্ছে দুইভাবে- জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি এবং ঋণের বোঝা।

এমন পরিস্থিতিতে গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের বিশ্লেষণ করে বলছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিকল্প অর্থের উৎসও রয়েছে। দূষণকারী, বিপুল সম্পদের মালিক এবং বিলাসবহুল ভোগের ওপর কর আরোপ করে নতুন ঋণ ছাড়াই বছরে ৩৫ থেকে ৪০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা সম্ভব বলে দেখিয়েছে সংস্থাটি।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের এক সাইড ইভেন্টে এই প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশি সংস্থাটি।

কপ৩১-এর যুব দিবসে চেঞ্জ ইনিশিয়েটিভ এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ওয়াইপিএসএ) ‘জলবায়ু অর্থায়নের ২৫ বছর: অগ্রগতি, ঘাটতি ও রূপান্তরমূলক সমাধান’ শীর্ষক একটি নীতিগত সংলাপে এই প্রস্তাবনা তুলে ধরা হয়। আলোচনায় জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ, ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও ভি২০ সচিবালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ও বলিভিয়ার আদিবাসী নেতৃবৃন্দ, বাংলাদেশের একজন সংসদ সদস্য এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় জলবায়ু অর্থায়নের ২৫ বছরে কী অর্জিত হয়েছে, এর কতটুকু ঋণ হিসেবে এসেছে এবং এর মূল্য কে পরিশোধ করছে- এসব বিষয় পর্যালোচনা করেন তারা।

পর্যালোচনায় উঠে আসা চিত্র ছিল স্পষ্ট। ২০০৯ সালে কোপেনহেগেনে বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু অর্থায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত হয়েছে ২০২২ সালে, নির্ধারিত সময়ের দুই বছর পর এবং যার বড় অংশই ছিল ঋণ। প্যারিস চুক্তির ১০ বছর পর নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনাগুলো ২০৩৫ সালের মধ্যে ১১ থেকে ১৫ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। অথচ ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমার মধ্যে থাকতে প্রয়োজন ৪৫ শতাংশ নিঃসরণ কমানো। আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ২০২২ সালের ২৮ বিলিয়ন ডলার থেকে কমে ২০২৩ সালে ২৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর ৫৮ শতাংশই এসেছে ঋণ হিসেবে।

উপস্থাপনার শুরুতে চেঞ্জ ইনিশিয়েটিভের জুনিয়র রিসার্চ অ্যানালিস্ট নাজিফা আলম তোরসা বলেন, “যেসব দেশ জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছে, তারা নিজেদের জনগণকে সুরক্ষিত রাখার চেষ্টা করার পাশাপাশি ঋণ পরিশোধের দায়ও নিচ্ছে।”

সংলাপের সভাপতিত্ব করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি বলেন, “অর্থ কোনো সমস্যা নয়; সমস্যা হলো, তারা অনুদান দিতে আগ্রহী নয়। জলবায়ু অর্থায়নের পুরো সমস্যাটাই এখানে।”

তিনি আরও বলেন, “জলবায়ু অর্থায়নের নামে আমরা এখন যা দেখছি, তা হলো পরিকল্পিত ঋণনির্ভরতা।”

তথ্য-উপাত্ত উপস্থাপন করে চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ কো-অর্ডিনেটর মোফাজ্জল হোসাইন আলোচকদের সামনে চারটি প্রশ্ন তুলে ধরেন: বর্তমান অর্থায়ন পদ্ধতি কি ইতোমধ্যে অতিক্রম করা গ্রহীয় সীমাগুলো পুনরুদ্ধার করতে পারবে? জীববৈচিত্র্য পুনরুদ্ধার ছাড়া জলবায়ু কার্যক্রম কতটুকু অর্জন করতে পারবে? ঋণমুক্ত অর্থায়নের পথ ছাড়া ৩০০ বিলিয়ন ডলার কী অর্জন করবে? আর জলবায়ুকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে বিবেচনা করা কি পৃথিবীর সামগ্রিক ব্যবস্থাবিষয়ক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

তিনি বলেন, “আমরা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করছি। তা যথেষ্ট নয়, কিন্তু অর্থ সংগ্রহ হচ্ছে। তারপরও আমরা গ্রহীয় সীমাগুলো অতিক্রম করে যাচ্ছি।” তিনি আরও বলেন, “প্রক্রিয়াটিতে বাস্তুতন্ত্র ও প্রকৃতিকে ধ্বংস করতে করতে কোনো কিছুতে বিনিয়োগ অব্যাহত রাখার কোনো যৌক্তিকতা নেই।”

ঋণমুক্ত অর্থায়নের সবচেয়ে বড় উৎসগুলোর মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানি থেকে অর্জিত মুনাফার ওপর কর, যা চেঞ্জ ইনিশিয়েটিভের মধ্যম পরিস্থিতির হিসাবে বছরে প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করতে পারে। পাশাপাশি বিলিয়নিয়ারদের ওপর ন্যূনতম ২ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা বাজেট থেকে ১ শতাংশ ‘ক্লাইমেট-সিকিউরিটি কন্ট্রিবিউশন’ হিসেবে নেওয়া হলে ২০২৫ সালের রেকর্ড সামরিক ব্যয়ের ভিত্তিতে বছরে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা সম্ভব।

মি. হোসেন বলেন, “কোনো কিছুই যেন অর্থ পরিশোধের বাইরে না থাকে।” এ প্রসঙ্গে তিনি বিমান পরিবহন, নৌপরিবহন, প্লাস্টিক ও আর্থিক লেনদেনের পাশাপাশি ক্রিপ্টো মাইনিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টারের কথাও উল্লেখ করেন।

বক্তারা ব্যাখ্যা করেন, যেসব দেশ জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে, তাদের জন্য ‘পরিকল্পিত ঋণনির্ভরতা’ বলতে কী বোঝায়। কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নদীভাঙনপ্রবণ চরাঞ্চলের পরিবারগুলোর কথা তুলে ধরেন। এসব পরিবারের সদস্যদের “১০, ১২, ১৫, এমনকি ২০ বার” স্থানান্তরিত হতে হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “ভাবুন তো, তাদের বলা হচ্ছে যে ২০৩৫ সালের মধ্যে বিশ্ব আরও বেশি জলবায়ু অর্থায়ন সংগ্রহে সম্মত হয়েছে।” তার মতে, কপ৩১-এ বাংলাদেশের অবস্থান নির্ধারণে দুটি প্রশ্নকে গুরুত্ব দেওয়া উচিত: “পরবর্তী ঝড়ের আগে আমাদের কাছে কী পৌঁছাবে? সেটি কি আমাদের আবার পরিশোধ করতে হবে?” তার মূলনীতি হলো, “জলবায়ু পরিবর্তন থেকে নিজেদের রক্ষা করার প্রক্রিয়ায় বাংলাদেশকে আরও দরিদ্র হওয়া চলবে না।”

তিনি পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন: অর্থ ছাড়ের সময়সূচিসহ সম্মিলিত অনুদানভিত্তিক একটি প্যাকেজ; সহনশীলতা তৈরির উৎস হিসেবে ঋণ মওকুফ; অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে এমন জ্বালানি রূপান্তর; ‘লিভিং রিভার রেজিলিয়েন্স ডেল্টা ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে প্রকৃতির অধিকার কার্যকর করা; এবং আলোচনার শক্তি হিসেবে জবাবদিহি নিশ্চিত করা।

অর্থায়নের ব্যয়ের ক্ষেত্রেও এর মূল্য দিতে হচ্ছে। ৭৭টি জলবায়ু ঝুঁকিপূর্ণ অর্থনীতির প্রতিনিধিত্বকারী ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও ভি২০ সচিবালয়ের পশ্চিম ও দক্ষিণ এশিয়াবিষয়ক প্রকল্পপ্রধান মুহাম্মদ হাসিব খান বলেন, ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ১৫ থেকে ১৮ শতাংশ সুদে ঋণ নিতে হয়, যেখানে ধনী অর্থনীতিগুলোকে দিতে হয় ২ থেকে ৩ শতাংশ। তিনি বলেন, “আমরা এখন যে ব্যবস্থার কথা বলছি, তা ব্যর্থ হয়েছে।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি স্কুল ৪০ বছর ধরে কোনো জনগোষ্ঠীর সেবা দেবে, অথচ সেই স্কুল নির্মাণের ঋণ প্রায়ই তিন বা চার বছরের মধ্যে পরিশোধ করতে হয়।

দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সুযোগসহ সহজ শর্তে অর্থায়নের লক্ষ্যে ভি২০, ওপেক ফান্ড এবং ১৬টি উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলে যে ‘ভালনারেবিলিটি টু ভায়াবিলিটি কমপ্যাক্ট’ উদ্যোগ নিয়েছে, সেটিকে সমর্থন করার আহ্বান জানান তিনি।

জলবায়ু অর্থায়নবিষয়ক বাংলাদেশের প্রধান আলোচক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ বলেন, জলবায়ু অর্থায়নের কোনো সর্বসম্মত সংজ্ঞা এখনো নির্ধারিত হয়নি এবং ইউএনএফসিসিসির তহবিলগুলো পর্যাপ্ত অর্থ পাচ্ছে না।

তিনি বলেন, এ বছর অভিযোজন তহবিল ৪০০ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছিল, কিন্তু ১৬০টি দেশের জন্য পেয়েছে ৩০০ মিলিয়ন ডলার।

তিনি কয়েকটি স্পষ্ট নীতির ওপর গুরুত্ব দেন: জলবায়ু অর্থায়ন হতে হবে নতুন ও অতিরিক্ত; একই অর্থের দ্বৈত হিসাব করা যাবে না; বাজারভিত্তিক ঋণ দেওয়া যাবে না; এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

স্বল্প নিঃসরণকারী দেশগুলোর ক্ষেত্রে ‘কার্বন ট্যাক্স’ শব্দটি ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি এর পরিবর্তে লক্ষ্যভিত্তিক কর আরোপের পক্ষে মত দেন।

আদিবাসী নেতারা সরাসরি অর্থায়ন পাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। বাংলাদেশ আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যবিষয়ক নেটওয়ার্কের সচিবালয় মালেয়া ফাউন্ডেশনের মিথুন টপ্পো এমন একটি অনুদানভিত্তিক ব্যবস্থার আহ্বান জানান, যা ‘ফ্রি, প্রাইর অ্যান্ড ইনফর্মড কনসেন্ট’ বা অবাধ, পূর্বানুমতিমূলক ও অবহিত সম্মতির নীতি অনুসরণ করবে এবং জাতীয় অভিযোজন পরিকল্পনায় পার্বত্য চট্টগ্রামের বাইরের আদিবাসী জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করবে।

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক আদিবাসী জনগোষ্ঠীর ফোরামের প্রতিনিধি এবং বলিভিয়ার আয়মারা নারী ওয়ারা রুইজ বলেন, “২৫ বছর একটি পূর্ণ জীবনকাল। আমরা আর অপেক্ষা করতে চাই না।”

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ক্যানসা) বাংলাদেশের মো. শাহজাহান বলেন, জলবায়ু অর্থায়ন “অবশ্যই সরকারি তহবিল থেকে আসতে হবে এবং তা অনুদান হতে হবে।” তিনি স্থবির হয়ে থাকা প্রতিশ্রুতির বিপরীতে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

চেঞ্জ ইনিশিয়েটিভ জলবায়ু ও প্রকৃতির জন্য একটি সমন্বিত অর্থায়ন কাঠামোর প্রস্তাব করেছে। এতে জলবায়ু, জীববৈচিত্র্য ও পানিকে পৃথিবীর একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হবে। অর্থায়ন আসবে ঋণমুক্ত উৎস থেকে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য থাকবে বাধ্যতামূলক বরাদ্দ এবং প্রতিশ্রুত অর্থের পরিমাণ দিয়ে নয়, বরং গ্রহীয় সীমাগুলো পুনরুদ্ধারের মাধ্যমে সাফল্য পরিমাপ করা হবে।

কপ৩১-এ চেঞ্জ ইনিশিয়েটিভের ঋণ না বাড়িয়ে অর্থায়নের পাঁচটি প্রস্তাব:
১. ক্ষয়ক্ষতির জন্য দূষণকারীদের অর্থ পরিশোধে বাধ্য করা।
২. ১ শতাংশ ‘ক্লাইমেট-সিকিউরিটি কন্ট্রিবিউশন’ চালু করা।
৩. ভোক্তা ভর্তুকি নয়, উৎপাদক ভর্তুকি পুনর্নির্দেশ করা।
৪. ইতোমধ্যে এগিয়ে চলা জোটগুলোতে যোগ দেওয়া।
৫. শুরুতেই বরাদ্দের নিয়ম নির্ধারণ করা।

বিভি/কেএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত