• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

গার্মেন্টস খাতে অস্থিরতা অর্থনীতি ধ্বংসের গভীর ষড়যন্ত্র: শামা ওবায়েদ

প্রকাশিত: ১৭:২৬, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:২৭, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গার্মেন্টস খাতে অস্থিরতা অর্থনীতি ধ্বংসের গভীর ষড়যন্ত্র: শামা ওবায়েদ

গার্মেন্টস খাতে চলমান অস্থিরতাকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে শিল্প খাতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। অন্যদিকে, শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের শতভাগ আন্তরিকতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আর শিল্পাঞ্চলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মালিক-শ্রমিকের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীতে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে এসব কথা বলেন তারা। শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং পেশাগত ঝুঁকি মোকাবিলার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী এ সম্মেলন।

‘গবেষণা থেকে নীতিনির্ধারণ: বাংলাদেশে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার প্রসার’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

সম্মেলনে দেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি ও চলমান অস্থিরতার বিষয়টি উঠে আসে। এ খাতে সৃষ্ট নৈরাজ্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এর পেছনে রয়েছে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র।

শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানে সরকার শতভাগ আন্তরিক।

শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখতে মালিক ও শ্রমিকদের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর মতে, উভয় পক্ষের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলে শিল্পাঞ্চলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহজ হবে।

সম্মেলনে কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, পেশাগত স্বাস্থ্যঝুঁকি, শ্রমিকদের নিরাপত্তা এবং শিল্পকারখানায় আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এসব গবেষণা ও অভিজ্ঞতা নীতিনির্ধারণে কাজে লাগানোর মাধ্যমে দেশের শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নের পথ আরও সুগম হবে।

বিভি/এসএএন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত