• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা মূল চেতনার সাথে সাংঘর্ষিক: কিরণ

প্রকাশিত: ২০:২৭, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা মূল চেতনার সাথে সাংঘর্ষিক: কিরণ

বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারার সমালোচনা করে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, বাল্যবিবাহ শুধু একটি কন্যা শিশুর জীবনকে ক্ষতিগ্রস্ত করে না, দারিদ্র্য ও অসমতার চক্রকেও দীর্ঘস্থায়ী করে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা’র বিশেষ বিধান বাল্যবিবাহ রোধের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এই ধারায় বলা হয়েছে, “যুক্তিসংগত কারণ দেখিয়ে মা—বাবা কিংবা আদালতের সম্মতিতে ১৬ বছর বয়সে কোনো মেয়ের বিয়ে হলে সেক্ষেত্রে তা ‘অপরিণত বয়স্ক’ বাল্য বিয়ে বলে গণ্য হবেন না।” এই আইনের দুর্বলতার সুযোগে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে এবং বাল্যবিবাহ বাড়ছে। আইনের এই বিশেষ বিধানটির অপব্যবহার হচ্ছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে ইউএনএফপিএ বাংলাদেশ আয়োজিত বাল্যবিবাহ আইন সংস্কার শীর্ষক গণমাধ্যম সংলাপে এসব কথা বলেন তিনি। 

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত শাসনামলে বাল্য বিবাহের হার নিয়েও লুকোচুরি করা হয়েছিলো। বাল্যবিবাহ নিয়ে বিবিএস এর প্রদত্ত ডাটা সঠিক ছিলো না। শুধু বাল্য বিয়ে নয়, সে সময় জন্ম—মৃত্যুহার নিয়েও বিবিএস ভুয়া তথ্য প্রদান করতো। ২০২২ সালের জনশুমারিতে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ উল্লেখ করা হয়েছিল, যা ছিলো সম্পন্ন ভুয়া তথ্য। সরকার কতৃর্ক প্রকাশিত দেশের মোট জনসংখ্যার ওই তথ্য দেখে দেশের মানুষ হাসাহাসি করেছিলো। আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না, দেশের মোট জনসংখ্যা কত ও বাল্য বিবাহের হার কেমন?

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং। আরও বক্তব্য রাখেন যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, ঢাকা ট্রিবিউন’র সম্পাদক রিয়াজ আহমেদ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, যমুনা টিভি’র হেড অব নিউজ তৌহিদুল ইসলাম প্রমুখ। 

যমুনা টিভি’র হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারের পার্থক্য ৩০০ শতাংশ। এটা প্রশ্নবিদ্ধ। তবুও বাল্যবিবাহ হচ্ছে, এটাই ঠিক। এগিয়ে থাকা সিলেট বিভাগের অভিজ্ঞতা পিছিয়ে থাকা রাজশাহী ও খুলনায় কাজে লাগানোর চেষ্টা করা দরকার। বাল্যবিবাহের জন্য নাবালকদের দোষী করার বিধান বাতিল করা উচিত। বৈষম্যমূলক ১৯ ধারা সংশোধন করা উচিত।

সংলাপে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেক মেয়ে এখনও বাল্যবিবাহের শিকার, যার ফলে কিশোরী গর্ভধারণ এবং জীবনের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভি/টিটি

মন্তব্য করুন: