• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের নিয়ন্ত্রণে রেখে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়: আমীর খসরু

প্রকাশিত: ০০:৪৩, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাংবাদিকদের নিয়ন্ত্রণে রেখে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়: আমীর খসরু

সাংবাদিকদের নিয়ন্ত্রণের মধ্যে রেখে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকতার নৈতিক অবক্ষয়ের প্রভাব অন্য অনেক পেশার তুলনায় বেশি। কারণ সাংবাদিকরা জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের ভুলত্রুটি চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। রাজনীতিবিদ ও সরকারকে সাংবাদিকদের সমালোচনাকে নেতিবাচকভাবে না দেখে প্রয়োজনীয় ফিডব্যাক হিসেবে গ্রহণ করতে হবে। স্বাধীন সাংবাদিকদের মতামত সরকারকে আরও তথ্যভিত্তিক ও কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

তিনি বলেন, একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনীতিবিদ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাসযোগ্যতা ও যোগাযোগ বাড়াতে হবে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সমালোচনাকে কেউ ক্ষতি করার চেষ্টা হিসেবে দেখলে তা ভুল হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বর্তমানে কোনটি সঠিক তথ্য আর কোনটি ভুল সংবাদ, তা নির্ধারণ করা মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সাংবাদিকদের পেশাগত সততা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা আরও বেশি গুরুত্বপূর্ণ।
সাংবাদিকতার মানোন্নয়ন শুধু সাংবাদিকদের একার দায়িত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদ, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডিআরইউর এ ধরনের পুরস্কার সাংবাদিকতার গুণগত পরিবর্তন ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন: