• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ১০:৫২, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সাত জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে এসব এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন রয়েছে। এ ছাড়া আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত