ঢাকার তাপমাত্রা কমাতে নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার
রাজধানী ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীদূষণ প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকার চারপাশের নদ-নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি-বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নদী দখল ও দূষণ নিয়ন্ত্রণ এবং ইনার সার্কুলার রোড নির্মাণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদ-নদী ও সেগুলোর সঙ্গে সংযুক্ত খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্যতা রক্ষা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে নতুন অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক)। নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নগর পরিকল্পনাবিদদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার গ্রিন-ব্লু নেটওয়ার্ক শক্তিশালী হবে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে নগরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
গ্রিন-ব্লু নেটওয়ার্ক বলতে নগরের সবুজ এলাকা—যেমন পার্ক, গাছপালা ও বন—এবং নীল এলাকা—যেমন নদী, খাল, পুকুর ও জলাশয়কে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার ধারণাকে বোঝায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বলেন, নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া প্রয়োজন ছিল। কারণ, নদীর পাশে স্থাপনা গড়ে উঠলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হয়। এতে নগরে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
তিনি বলেন, নদীর নিজস্ব সৌন্দর্য রয়েছে। নগর ও জনপদের পরিবেশ রক্ষায় নদী সংরক্ষণ অত্যন্ত জরুরি। নদীর দুই পাশের সীমানা চিহ্নিত করে সেখানে ‘রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট’ বা গণপরিসর গড়ে তোলার পরামর্শ দেন তিনি। এতে নদীর পাড়ে মানুষের হাঁটাচলা, বসা ও বিনোদনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সেখানে গাছপালা ও অন্যান্য উদ্ভিদ লাগানো সম্ভব হবে।
আখতার মাহমুদ বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গাছ লাগানো এবং খাল-নদী সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। নদীর তীর সংরক্ষণের এ উদ্যোগ সেই প্রতিশ্রুতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তাই অগ্রাধিকার দিয়ে পরিকল্পনাটি বাস্তবায়ন করা প্রয়োজন।
পরিবেশবিদরাও সরকারের সিদ্ধান্তকে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, পরিকল্পিতভাবে উদ্যোগটি বাস্তবায়ন করা গেলে নদী দখল ও দূষণ নিয়ন্ত্রণ, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, নদীর প্রয়োজনীয়তা তুলে ধরা এবং নদী দখলমুক্ত রাখার ক্ষেত্রে সরকারের এ সিদ্ধান্ত একটি ভালো বার্তা দেবে। তবে দখল ও দূষণ বন্ধ করতে হলে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
এদিকে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছে। রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম বলেন, নৌপথসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভার সিদ্ধান্তের ৩.৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ১০০ মিটার সুরক্ষাবলয় বাস্তবায়নের দায়িত্ব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের।
তিনি জানান, নদীতীরবর্তী উন্নয়ন কার্যক্রম এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়মিত কাজ করছে। মোবাইল কোর্টের মাধ্যমেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীতীরের রক্ষণাবেক্ষণসহ এসব কার্যক্রম বিআইডব্লিউটিএর আওতাধীন হওয়ায় সংস্থাটির সঙ্গে সমন্বয় করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউককে কাজ করতে হবে। এ বিষয়ে করণীয় নির্ধারণে আন্তমন্ত্রণালয় সভা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা চূড়ান্ত করা হবে।
তবে ১০০ মিটার সুরক্ষাবলয় কার্যকর করতে নদীর প্রকৃত সীমানা নির্ধারণকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নদীর কোন স্থান থেকে ১০০ মিটার দূরত্ব হিসাব করা হবে, তা বৈজ্ঞানিক ও আইনগতভাবে নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে নদীর স্বাভাবিক গতিপথ, তীরভূমি এবং মৌসুমি পরিবর্তন বিবেচনায় নেওয়া জরুরি।
এ বিষয়ে শাহীনুর আলম বলেন, বিআইডব্লিউটিএর স্থাপন করা নদীতীরের সীমানা পিলার থেকে ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার বলেন, ১৯৫০ সালের আইন অনুযায়ী, নদীর সীমানা থেকে ৫০ মিটারের বাইরে অর্থাৎ ১৫০ ফুটের মধ্যে কেউ বাড়ি নির্মাণ করতে চাইলে বিআইডব্লিউটিএর অনুমতি প্রয়োজন হয়। এতদিন রাজউক সংস্থাটির অনুমতি নিয়েই স্থাপনা নির্মাণের ছাড়পত্র দিয়ে এসেছে।
তিনি আরও বলেন, সরকার সুরক্ষার দূরত্ব ৫০ মিটার থেকে বাড়িয়ে ১০০ মিটার বা ৩০০ ফুট করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে পরিপত্র জারি হলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পরিবেশবিদদের মতে, নদী রক্ষার এ উদ্যোগকে শুধু তীরবর্তী এলাকায় স্থাপনা নির্মাণ বন্ধের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। ভূমি ব্যবহার পরিকল্পনা, নগর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে এর সমন্বয় প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, যথাযথ পরিকল্পনা, আইনের কার্যকর প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে নদীর দুই তীরে ১০০ মিটার সুরক্ষাবলয় গড়ে তোলা এবং গ্রিন-ব্লু নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ ঢাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিভি/এজেড













মন্তব্য করুন: